২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাঙ্গায় পুলিশ পরিচয়ে ডাকাতি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পুলিশ পরিচয়ে এক মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি করেছে দুর্বৃত্তরা।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2013, 06:34 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলা সদরের পূর্ব চন্ডীদাসদী গ্রামে অধীর মল্লিকের বাড়িতে এ ডাকাতি হয় বলে পুলিশ জানিয়েছে।

ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে অধীর মল্লিকের পুত্রবধূ অমৃতা মল্লিক (২১) আহত হয়েছেন। তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে।

ডাকাতরা ওই বাড়ি থেকে ১২ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৭৫ হাজার টাকা ও ছয়টি মোবাইল ফোনসহ সাত লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে।

অধীর মল্লিক জানান, রাত দেড়টার দিকে ২০/২২ জন ডাকাত বাড়ির নিচতলার কলাপসিবল গেট ও ঘরের কাঠের দরজা ভেঙে দোতলায় ঢুকে পুলিশ পরিচয় দেয়। এরপর কালো কাপড়ে মুখ ঢাকা ও হাফপ্যান্ট পরা ডাকাতরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের নারী ও পুরুষ সদস্যদের বেঁধে রেখে ডাকাতি শুরু করে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, ডাকাতির খবর শুনে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ব্যাপারে জীবন মল্লিক বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।