২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্তের পর কলেজছাত্রীকে গাড়িচাপা

সীতাকুণ্ডের কুমিরায় গাড়িচাপায় আহত হয়েছেন এক কলেজছাত্রী, গাড়ির আরোহীরা ওই তরুণীকে উত্ত্যক্ত করছিল বলে স্থানীয়রা জানিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2013, 05:03 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

বৃহস্পতিবার দুপুরে ছোট কুমিরা ও বড় কুমিরার মাঝের সেতুর ওপর এই ঘটনার পর কলেজ শিক্ষার্থীদের অবরোধে প্রায় ২০ মিনিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে বলে পুলিশ জানিয়েছে।

আহত শিক্ষার্থী ফারজানা ইয়াসমিন শীলা ওই এলাকার লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।   

লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের শিক্ষক এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে পেছন থেকে একটি পিকআপ ভ্যান এসে শীলাকে চাপা দেয়।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে ওই শিক্ষক বলেন, “পাঁচ-ছয়জন লোক দূর থেকে শীলাকে অনুসরণ করে আসছিল। ওই গাড়িতে থাকা লোকজন তাকে উত্ত্যক্ত করতে করতে তার গায়ের ওপর গাড়িটি তুলে দেয়।”

শীলা কোমরে, মাথায় ও পিঠে আঘাত পেয়েছেন বলে জানান এনামুল।

শীলার ওপর গাড়ি তুলে দেয়ার ঘটনার পরপরই ওই কলেজের শিক্ষার্থীরা মহাসড়কে নেমে আসে।

সীতাকুণ্ড থানার ওসি এসএম বদিউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে দেয়।

আরোহীরা পিকআপটি ফেলে চলে গেলে তা পুলিশ আটক করে। এর আরোহীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ওসি জানান।