জামালপুরে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু
জামালপুরে দুই স্থানে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে।
বুধবার রাতে এবং বৃহস্পতিবার সকালে এ দুটি দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
জামালপুর জিআরপি থানার ওসি খোকন চন্দ্র সরকার জানান, বুধবার রাতে জামালপুর-ময়মনসিংহ লাইনের নান্দিনায় ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার ট্রেন থেকে পড়ে বিল্লাল হোসেন নামে এক কিশোর গুরুত্বর আহত হয়।
বৃহস্পতিবার সকালে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুহয়। বিল্লাল নেত্রকোনার দুর্গাপুরের সাখায়াত হোসেনের ছেলে।
ওসি খোকন চন্দ্র আরো জানান, সকালে একই লাইনের লাঙ্গলজোড়া এলাকায় ঢাকা থেকে জামালপুরগামী একটি লোকাল ট্রেনে কাটা পড়ে লাঙ্গলজোড়া গ্রামের গেন্দু ঢালীর ছেলে ওমর ঢালীর মৃত্যু হয়েছে।
জিআরপি পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিযেছে, বলেন ওসি খোকন।
