২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিকালে সোহরাওয়ার্দীতে ১৮ দলের বিক্ষোভ

হরতালের মধ্যে ‘পুলিশী হয়রানি ও গ্রেপ্তারের’ প্রতিবাদে বিকালে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2013, 12:36 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম জানান, বৃহস্পতিবার বিকাল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যোনে এই কর্মসূচি পালন করা হবে।

মহানগর পুলিশ ইতোমধ্যে সেখানে বিক্ষোভ সমাবেশের অনুমতি দিয়েছে বলেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি।

নির্দলীয় সরকারের অধনে নির্বাচনের দাবিতে গত ২৭ থেকে ২৯ অক্টোবর সারাদেশে হরতাল করে বিরোধীদলীয় জোট। ওই তিন দিনে সারাদেশে নিহত হন অন্তত ১৬ জন।

হরতাল শেষে ২৯ অক্টোবর এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, ৬০ ঘণ্টার হরতালে সারাদেশে ‘পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের’ হামলা-নির্যাতনে জোটের ৭ হাজার ৫২ জন কর্মী আহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে ২ হাজার ৬৩০ জনকে। সারাদেশে ৮২ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

বিএনপি নেতা আবদুস সালাম বলেন, “হরতালে নিহতদের স্মরণে আগামী শুক্রবার সারাদেশে জুমার পর এবং ঢাকায় আসরের পর গায়েবানা জানাজা হবে।”

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোট নেতারা বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেবেন।