সাংবাদিকদের নিরাপত্তায় সরকার সচেষ্ট: শেখ হাসিনা
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ প্রচেষ্টার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেলস ওনার্সের (অ্যাটকো) সদস্যরা বুধবার রাতে গণভবনে শেখ হাসিনার সঙ্গে দেখা করে তাদের উদ্বেগের কথা জানালে তিনি একথা বলেন।
অ্যাটকো নেতারা বেসরকারি টেলিভিশনের সাংবাদিকদের নিরাপত্তা, একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের টক’শোতে ফরহাদ মজহারের ‘বোমা মারাই উচিত’ বক্তব্য, ‘সম্প্রচার নীতিমালা’য় বেসরকারি চ্যানেলগুলোকে সম্পৃক্ত করাসহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেন।
বৈঠকের শুরুতেই সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক প্রধানমন্ত্রীকে বলেন, “আমরা নিরাপত্তহীনতার বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি। আমরা সাংবাদিকরা সমাজের বিবেক। এই সমাজের বিবেককে বোমা মেরে বন্ধ করে দেয়া হচ্ছে।”
পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী সংলাপের উদ্যোগ নেয়ায় অ্যাটকোর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানানো হয়।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, সরকারের পক্ষ থেকে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। সংলাপের প্রস্তাব দেয়া সত্ত্বেও বিরোধী দল সংলাপে না এসে হরতাল চালাল। তারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাল। জনগণ এই রকম সন্ত্রাসী কর্মকাণ্ড পছন্দ করে না।”
বর্তমান সরকারের সময়ে অনুমতি পাওয়া এক চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বোমা হামলায় মারাত্মক আহত একাত্তরের সংবাদকর্মী জাকারিয়া বিপ্লবের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে দেয়ায় অ্যাটকোর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়।”
বিরোধীদলের কর্মসূচিতে সংবাদকর্মীদের ওপর বোমা হামলার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, “সরকারের সকল প্রচেষ্টা সত্ত্বে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজেই আক্রান্ত। তারপরও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ ব্যবস্থা নেবে।”
একটি বেসরকারি চ্যানেলে ফরহাদ মজহার বোমা হামলার বিষয়ে যে ‘যুক্তি’ তুলে ধরেছেন- সে বিষয়ে কথা হলেও প্রধানমন্ত্রী কোনো মন্তব্য করেননি।
সম্প্রচার নীতিমালায় চ্যানেলগুলোকে সম্পৃক্ত করার আহবান জানলে প্রধানমন্ত্রী অনলাইনে মতামত দেয়ার পরামর্শ দেন।
বিদেশি চ্যানেলের ‘আগ্রাসন’ বন্ধ করার বিষয়েও অ্যাটকো নেতারা আলোচনা তোলেন।
এছাড়া দেশের সব চ্যানেলে এক সঙ্গে প্রচার করার জন্য প্রধানমন্ত্রীর একটি ‘দীর্ঘ সাক্ষাৎকার’ নেয়ার বিষয়েও আগ্রহ দেখান চ্যানেলের মালিকরা।
