২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কূটনীতিকদের শিষ্টাচার মেনে চলতে বললেন দীপু মনি

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কূটনীতিকদের আচরণ নিয়ে সতর্ক করে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2013, 08:34 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

সাধারণ নির্বাচনের আগে চলমান পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের কোনো বক্তব্য থাকলে তা সরকারকে জানাতেও বলেছেন তিনি।

নির্বাচনকালীন সরকার নিয়ে দুই প্রধান দলের পাল্টাপাল্টি অবস্থান এবং তা নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগের মধ্যে বুধবার সার্বিক পরিস্থিতি নিয়ে ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় করেন পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, কূটনীতিকদের বেশিরভাগ শিষ্টাচার মেনে চলছেন।

“বাংলাদেশ নিয়ে কোনো কূটনীতিকের উদ্বেগ থাকলে তাদের অবশ্যই আমাদের সঙ্গে কথা বলতে হবে, এটাই শিষ্টাচার। এই বিষয় নিয়ে বাইরে কথা বলা শিষ্টাচারের মধ্যে পড়ে না।”

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনার ভারত ও চীন সফরের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন দীপু মনি।

মজীনা পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, তার চীন সফরের বিষয়ে প্রকাশিত খবর সত্য নয়। তবে ভারত যুক্তরাষ্ট্রের ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ সহযোগী হওয়ায় তিনি দিল্লি সফরে গিয়েছিলেন।

দীপু মনি বলেন, এই এলাকায় বিভিন্ন দেশের সঙ্গে তাদের আঞ্চলিক নীতি ও সম্পৃক্ততা রয়েছে। হয়তো এই বিষয়ে আলোচনা করতেই তিনি সেখানে গিয়েছিলেন।

“রাষ্ট্রদূতরা একে অন্যের সঙ্গে কথা বলতে পারেন, এটাই তাদের শিষ্টাচার।”

রাজনৈতিক সঙ্কটের আশঙ্কার মধ্যে দুই প্রধানমন্ত্রীর টেলিফোন আলোচনার প্রেক্ষাপটে কূটনীতিকদের মুখোমুখি হলেন পররাষ্ট্রমন্ত্রী।

দীপু মনি কূটনীতিকদের জানিয়েছেন, সরকার আন্তরিকতার সঙ্গে আলোচনার আহ্বান জানালেও বিরোধী দলই তা গ্রহণ করেনি। 

প্রধানমন্ত্রীর অনুরোধ প্রত্যাখান করে চালিয়ে যাওয়া বিরোধী দলের হরতালে সংঘাত-ভাংচুরের একটি ভিডিওচিত্র কূটনীতিকদের দেখানো হয়।

পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, বাংলাদেশে রাজনৈতিক প্রক্রিয়া অব্যাহত রাখার স্বার্থে কূটনীতিকরা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চান এবং ‘বন্ধু হিসেবে সঙ্কটের শান্তিপূর্ণ সমাধান চান তারা।’

“তারা সহিংসতার বিষয়ে উদ্বিগ্ন।”

দীপু মনি বলেন, অবাধ নির্বাচন অনুষ্ঠানে সরকারের অঙ্গীকারের কথা তিনি কূটনীতিকদের জানিয়েছেন এবং আশা করেছেন যে বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীর প্রস্তাবে সাড়া দেবেন।

বাংলাদেশে সব কূটনীতিক মিশনের প্রধান ও শার্জ দ্য অ্যাফেয়ার্স, ইইউ প্রতিনিধি দলের প্রধান এবং জাতিসংঘের আবাসিক প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মজীনা সাংবাদিকদের বলেন, বাংলাদেশে রাজনৈতিক অগ্রগতি দেখে তিনি ‘ভীষণ আশাবাদী’।

দুই দলের পক্ষ থেকে প্রস্তাব এবং প্রধানদের মধ্যে ফোনে আলাপের কথা উল্লেখ করে সঙ্কট এড়াতে তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পুরনো খবর:

বাংলাদেশ ঘিরে বাড়ছে ভারত-যুক্তরাষ্ট্র দূরত্ব