২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ট্রাক অস্ত্র: বাবরসহ ৫ আসামির নির্দোষ দাবি

দশ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আরো পাঁচ আসামি নিজেদের নির্দোষ দাবি করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2013, 08:26 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

এ নিয়ে তিন কার্যদিবসে জামিনে থাকা ও গ্রেপ্তার মিলিয়ে মোট ৩৭ জন আসামি নিজেদের নির্দোষ দাবি করলেন।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে এ মামলার কার্যক্রম চলছে।

বুধবার আদালতে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় যাদের পরীক্ষা করা হয়েছে তারা হলেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, এনএসআইয়ের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুর রহিম, সাবেক পরিচালক উইং কমান্ডার (অব.) সাহাবুদ্দিন, সাবেক উপ-পরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন ও সিইঊএফএল জেটিঘাটের শ্রমিক মো. ওসমান।

পাঁচ আসামির পরীক্ষা শেষে আদালত গত ২৪ অক্টোবর পরীক্ষা করা আসামি রেজ্জাকুল হায়দারকে তার বক্তব্য দেয়ার অনুমতি দেন।

Image
১০ ট্রাক অস্ত্র: সিইউএফএল নিরাপত্তা কর্মকর্তার সাক্ষ্য দান

১০ ট্রাক অস্ত্র: সিইউএফএল নিরাপত্তা কর্মকর্তার সাক্ষ্য দান

এর আগে দুপুরে আদালতের কার্যক্রম শুরুর পর পরই বাবরের আইনজীবী আবদুস সোবহান তরফদার মামলার কার্যক্রম মুলতবি রাখার আবেদন জানেয়ে বলেন, তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অসমাপ্ত থাকার বিষয়ে উচ্চ আদালতে আপিল করা হয়েছে। হাই কোর্টের আদেশের পর বাবরকে পরীক্ষা করা হোক।

এর জবাবে আদালত বলে, উচ্চ আদালত মামলা স্থগিতের আদেশ না দেয়া পর্যন্ত কার্যক্রম চলবে।

পরে ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় করা দুটি মামলার অভিযোগ পড়ে শোনান রাষ্ট্রপক্ষের পিপি কামাল উদ্দিন আহাম্মদ। এ সময় পিপি কামাল বাবরকে দোষী না নির্দোষ প্রশ্ন করলে তিনি জবাবে নির্দোষ দাবি করেন।

কোনো সাফাই সাক্ষী, কাগজপত্র এবং বক্তব্য দেবেন কি না জানতে চাইলে বাবর উচ্চ আদালতে করা তার আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ বিষয়ে জানাতে অপারগতা প্রকাশ করেন।

আদালত একাধিকবার প্রশ্ন করলেও বাবর তার অবস্থানে অনড় ছিলেন।

অন্য চার আসামিও নিজেদের নির্দোষ দাবি করেন এবং তাদের কোনো সাফাই সাক্ষী নেই বলে জানান। তবে তিন আসামি আব্দুর রজিম, সাহাবুদ্দিন ও লিয়াকত হোসেন আদালতে বক্তব্য উপস্থাপন ও কাগজপত্র জমা দেবেন বলে জানান।

জোর করে আসামি: রেজ্জাকুল

দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করে আদালতে বক্তব্য দিয়েছেন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী।

তিনি বলেন,  উইং কমান্ডার (অব.) সাহাবুদ্দিন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। ওই জবানবন্দিতে সাহাবুদ্দিন জানিয়েছেন, তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে কেবিনের দরজার ফাঁক দিয়ে সিঁড়িতে দেখেছেন আমির ভাইয়ের (পরেশ বড়ুয়া) পেছনে আমি উঠেছি।

“কিন্তু তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন না করেই ওই বক্তব্যের ভিত্তিতে আমাকে আসামি করেন। কেবিনের ভেতর থেকে সিঁড়ি দেখা সম্ভব নয়। কাউকে সঙ্গে নিয়ে সন্ধ্যা ৬টার পর সিএমএইচেও ঢোকা সম্ভব নয়।”

সাহাবুদ্দিনের জবানবন্দি উদ্ধৃত করে রেজ্জাকুল বলেন, “এতে বলা হয়েছে আমি নাকি আমির ভাইকে নিয়ে সাহাবুদ্দিনের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। আমি ছিলাম কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক। পদবিতে আমি তার ওপরে। আমি কেন প্রটোকল ভেঙ্গে তার সঙ্গে দেখা করতে যাব।”

“আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে-বনানীতে ডিওএইচএসে সেফ হাউজে পরেশ বড়ুয়ার সঙ্গে বৈঠকে আমি ছিলাম। সেখানে অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান ও মেজর জেনারেল (অব.) সাদিক হাসান রুমিও ছিলেন।”

রেজ্জাকুল বলেন, কিন্তু বনানীতে আদৌ ডিজিএফআইয়ের কোন সেফ হাউজের অস্তিত্ব নেই। সেফ হাউজ থাকলে তদন্ত কর্মকর্তা নিরাপত্তা রক্ষীর বক্তব্য নিতে পারতেন। কিংবা বৈঠকের বিষয়ে মাহবুবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করতে পারতেন। তিনি সেটা করেননি।

বক্তব্য প্রদানের এক পর্যায়ে রেজ্জাকুল কেঁদে বলেন, কোনো ধরনের সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও আমাকে জোর করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ মামলায় আসামি করা হয়েছে। 

২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে সিইউএফএল সারকারখানার জেটিঘাটে ১০ট্রাক অস্ত্র আটক করে পুলিশ।

এই মামলার আরেক গ্রেপ্তার আসামি সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামী যুদ্ধাপরাধের মামলায় আসামি হওয়ায় বুধবার তাকে আদালতে হাজির করা হয়নি। জামিনে থাকা ও গ্রেপ্তার আসামিদের মধ্যে শুধু তাকেই পরীক্ষা করা বাকি রয়েছে।