সাংবাদিক গিয়াস কামালকে স্মরণ সিএমইউজের
সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী স্মরণে চট্টগ্রামে সভা করেছে সিএমইউজে।
বুধবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) আয়োজিত এই স্মরণসভায় বক্তারা বলেন, এদেশের সাংবাদিকতা ও বুদ্ধি বৃত্তির জগতে একজন কিংবদন্তিতুল্য ব্যক্তি ছিলেন গিয়াস কামাল। সাংবাদিকদের রুটিরুজির আন্দোলন ও মর্যাদা রক্ষার আন্দোলনে তিনি ছিলেন সদা তৎপর।
গত শনিবার ভোর সাড়ে ৫টা দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে মৃত্যু হয় গিয়াস কামালের। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
সিএমইউজে সভাপতি শামসুল হক হায়দরীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন প্রবীণ আইনজীবী ও বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট কবীর চৌধুরী, বিএফইউজে’র সহ-সভাপতি ইস্কান্দার আলী চৌধুরী, সাবেক সহ-সভাপতি জাহিদুল করিম কচি, শামসুদ্দিন হারুণ, সাপ্তাহিক ইজতেহাদ সম্পাদক মঈনুদ্দিন কাদের শওকত, সাংবাদিকনেতা মুস্তাফা নঈম, মোহাম্মদ শাহনেওয়াজ প্রমুখ।
