দ্বিতীয় ওয়ানডের টিকেট না পেয়ে মিরপুরে ভাংচুর
বাংলাদেশ-নিউ জিল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচের টিকেট না পেয়ে ইউসিবিএল ব্যাংকের মিরপুর শাখার ভবনের কাচ ভাংচুর করেছে ক্রিকেটপ্রেমীরা।
বৃহস্পতিবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হবে। ২৫ হাজার আসনের স্টেডিয়ামের টিকেটের চাহিদা প্রচুর।
এই ম্যাচের টিকেট কেনার জন্য বুধবার ভোর থেকেই স্টেডিয়ামের পাশে ইউসিবিএল ব্যাংকের মিরপুর শাখায় ভিড় করে ক্রিকেটপ্রেমীরা। দুপুরের দিকে ব্যাংক থেকে টিকেট শেষ হওয়ার কথা জানানো হলে উত্তেজিত হয়ে উঠে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকা লোকজন।
ইউসিবিএলের এক্সিকিউটিভ অফিসার মাসুদ মিয়া বিডিনিউজকে বলেন, “আমরা ৩ হাজার ৮২৩ টি টিকেট পাই। সকাল থেকে আমরা জনপ্রতি একটি টিকেট দিচ্ছিলাম, টিকেট ফুরিয়ে আসতে থাকলেও টিকেট প্রত্যাশীদের লাইন বাড়ছিল, অবস্থা বেগতিক দেখে আমরা পুলিশে খবর দেই। তিনটার দিকে টিকেট না পেয়ে ভাংচুর শুরু করে টিকেট প্রত্যাশীরা ।”
পরে পুলিশ টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে ভাংচুরকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
