বেনাপোলে গান পাউডার উদ্ধার, আটক ২
বেনাপোলের কাগজপুকুর এলাকা থেকে এক কেজি গান পাউডারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে আটক হয়েছেন যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে জাহিদুল ইসলাম ও আশশিংড়ী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন।
বেনাপোল পোর্ট থানার ওসি কাইয়ুম আলি সরদার জানান, একটি চক্র বেনাপোল থেকে গান পাউডার নিয়ে যশোরের দিকে যাচ্ছে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়।
কাগজপুকুর এলাকার তনিমা ফিলিং স্টেশনের সামনে থেকে প্রথমে জাহিদুলকে আটক করা হয়। তাকে তল্লাশি করে কাগজে মোড়ানো অবস্থায় এক কেজি গান পাউডার পাওয়া যায়।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী নাভারণ পুরাতন বাজার থেকে সাদ্দাম হোসেনকে আটক করা হয়।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে বলে জানান ওসি কাইয়ুম আলী।
