২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিনিউজ২৪ ডটকম কার্যালয়ের সামনে বিস্ফোরণ

হরতালের মধ্যে বিভিন্ন গণমাধ্যম কার্যালয় লক্ষ্য করে হামলার পর এবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2013, 04:10 PM

Updated : 25 Apr 2022, 07:27 PM

মঙ্গলবার বিকাল ৩টা ২০ এ রাজধানীর মহাখালী এলাকায় ওই কার্যালয়ের সামনের রাস্তায় পরপর দুটি হাতবোমা ফাটানো হয়। এ সময় দূর থেকেও জোরালো শব্দ শোনা যায়।

ঘটনাস্থলের কয়েক গজ দূরেই পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

ওই ভবনের নিচে দায়িত্বরত টহল পুলিশের সার্জেন্ট মোনাজ্জিব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাস্তায় কোনো যানবাহন ছিল না। আমার ধারণা, আশপাশের কোনো বিল্ডিংয়ের ওপর থেকে ককটেল দুটি ছোড়া হয়।

“তবে মাটিতে পড়ার আগেই সড়কদ্বীপের গাছের ডালে লেগে সেগুলো বিস্ফোরিত হয়।”

বিস্ফোরণের পরে হাতবোমায় ব্যবহৃত কাচের গুড়ো ও লাল টেপের অংশ সড়কদ্বীপের পাশে পড়ে থাকতে দেখা যায়।

হরতাল শুরু আগের দিন শনিবার সন্ধ্যায় বারিধারায় বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তরের কার‌্যালয়ে ককটেল হামলা চালানো হয়। সীমানা প্রাচীরের বাইরে থেকে ছুড়ে মারা ককটেল বিস্ফোরিত হয়ে গুরুতর আহত হন সিনিয়র নিউজরুম এডিটর জাকারিয়া আকন্দ বিপ্লব।

ওইদিনই রামপুরায় বিটিভি, মিরপুরে বেসরকারি টেলিভিশন চ্যানেল মোহনা টেলিভিশন এবং মালিবাগের মৌচাক মোড়ে দেশ টিভি ও ভোরের কাগজের কার্যালয়ের সামনেও হাতবোমা ফাটানো হয়।

এরপর হরতালে দ্বিতীয় দিন সোমবার দুপুরে মগবাজারে চ্যানেল টোয়েন্টিফোরের একটি গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়া হলে আহত হন সাংবাদিক রাশেদ নিজাম।

একইদিনে মালিবাগে এসএটিভির গাড়ি লক্ষ্য করেও ককটেল ছোড়া হয়।

পুরনো খবর:

ফখরুলের বাসায় বোমা হামলা