ফখরুলের বাসায় বোমা হামলা
রাজধানীর উত্তরায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাসায় সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
যুব দলের নেতা ফরহাদ হোসেন আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৮টা ৫০ মিনিটে দুই যুবক মোটরসাইকেল করে ৪ নম্বর সেক্টরে ফখরুলের বাসার সামনে এসে প্রথমে একটি বোমা বিস্ফোরণ ঘটায়।
“আরেকটি বোমা দোতলায় বারান্দা ছুড়ে মারলে সেখানে বিস্ফোরিত হয়। প্রকট শব্দের বিস্ফোরণে বাসার বারান্দার জানালার কাঁচ ভেঙে গেছে।”
তিনি জানান, ওই সময়ে স্যার বাসায় ছিলেন না। পরিবারের সদস্যরা ছিলেন।
৯টা ২৫ মিনিটে গুলশানের কার্যালয়ে মির্জা ফখরুল প্রবেশ করলে সাংবাদিকরা তার কাছে ঘটনা জানতে চান।
জবাবে তিনি বলেন, “আমি শুনেছি, আমার বাসাকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। আমাদের দলের নেতা মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকার বাসায়ও একই ঘটনা ঘটানো হয়েছে।”
“এই সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এখন তারা রাজনীতিবিদ ও নেতাদেরও নিরাপত্তা দিতে পারছে না। দেশের যে পরিস্থিতি আজ তারা সৃষ্টি করেছে, সরকারের উচিৎ হবে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা দিয়ে দ্রুত পদত্যাগ করা।”
