সাকা চৌধুরীর আপিল
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের সকল দণ্ড থেকে বেকসুর খালাস চেয়ে আপিল করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল যার ফাঁসির আদেশ দিয়েছে।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী জয়নুল আবেদীন তুহিন মঙ্গলবার এই আপিল দায়ের করেন।
সাকা চৌধুরীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন পরে সাংবাবিকদের বলেন, “এটি একটি রাজনৈতিক প্রতিহিংসার রায়। ঘটনার ৪২ বছর পর প্রতিহিংসাবশত তাকে এই মামলায় জড়ানো হয়েছে। ঘটনার সময় তিনি বাংলাদেশে ছিলেন না। তিনি ছিলেন পাকিস্তানের পাঞ্জাবে।”
রাউজানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংহকে হত্যা, সুলতানপুর ও ঊনসত্তরপাড়ায় হিন্দু বসতিতে গণহত্যা এবং হাটহাজারীর এক আওয়ামী লীগ নেতা ও তার ছেলেকে অপহরণ করে খুনের দায়ে গত ১ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় দেয়।
এছাড়া হত্যা, গণহত্যার পরিকল্পনা সহযোগিতা এবং লুটপাট, অগ্নিসংযোগ ও দেশান্তরে বাধ্য করার মতো তিনটি অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে ২০ বছর কারাদণ্ড দেয়া হয়েছে। অপহরণ ও নির্যাতনের দুটি ঘটনায় দেয়া হয়েছে পাঁচ বছর করে কারাদণ্ড।
রায়ে বলা হয়, প্রসিকিউশন তার বিরুদ্ধে ২৩টি অভিযোগ এনেছে, তার মধ্যে নয়টি (২ থেকে ৮, ১৭ ও ১৮ নম্বর অভিযোগ) সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
১, ১০, ১১, ১২, ১৪, ১৯, ২০ ও ২৩ নম্বর অভিযোগ প্রসিকিউশন প্রমাণ করতে পারেনি।
আর প্রসিকিউশন শুনানির সময় কোনো সাক্ষী হাজির করতে না পারায় ৯, ১৩, ১৫, ১৬, ২১ ও ২২ নম্বর অভিযোগের বিষয়ে রায়ে কোনো মূল্যায়ন করা হয়নি।
সাকার আইনজীবী তুহিন সাংবাদিকদের বলেন, “আমরা সকল অভিযোগ থেকে বেকসুর খালাস চেয়ে আপিল করেছি। আবেদনে আমরা বলেছি, ন্যায় বিচার হলে তিনি বেকসুর খালাস পাবেন।”
সালাউদ্দিন কাদের চৌধুরীর আরেক আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান আলফেসানী জানান, আপিলের সঙ্গে তারা ১ হাজার ৩২৩ পৃষ্ঠার নথি জমা দিয়েছেন।
এই মামলায় রাষ্ট্রপক্ষ আলাদা কোন আপিল করবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আসামিপক্ষের আপিলের শুনানিতেই তাদের বিরোধিতা করবে রাষ্ট্রপক্ষ।
মামলার ইতিবৃত্ত
হরতালে গাড়ি পোড়ানোর একটি মামলায় ২০১০ সালে বিজয় দিবসের সকালে সালাউদ্দিন কাদেরকে গ্রেপ্তার করা হয়। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় ১৯ ডিসেম্বর।
ট্রাইব্যুনালের প্রসিকিউশন ২০১১ সালের ১৪ নভেম্বর সাকা চৌধুরীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিলে ১৮ নভেম্বর তা আমলে নেন বিচারক। এরপর ২০১২ সালের ৪ এপ্রিল ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের ২৩টি ঘটনায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই সাংসদের বিচার শুরু হয়।
প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মধ্যে দিয়ে ওই বছর ৩ মে শুরু হয় এ মামলায় সাক্ষ্যগ্রহণ।
সালাউদ্দিন কাদেরের পক্ষে এ মামলায় সাফাই সাক্ষ্য দেন তিনি নিজেসহ মোট চারজন। অন্য তিনজন হলেন তার কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু নিজাম আহমেদ, এশিয়া-প্যাসিফিক ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য কাইয়ুম রেজা চৌধুরী এবং সাবেক রাষ্ট্রদূত আব্দুল মোমেন চৌধুরী।
সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন এ মামলার তদন্ত কর্মকর্তা মো. নূরুল ইসলামসহ প্রসিকিউশনের মোট ৪১ জন। তদন্ত কর্মকর্তার কাছে দেয়া আরো চার জনের জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছে ট্রাইব্যুনাল।
