২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘাত নয়, সুমতির প্রত্যাশা চীনের

শেখ হাসিনা ও খালেদা জিয়ার ফোনালাপ সংকট সমাধানে সংলাপের দ্বার খুলে দেবে বলে আশা প্রকাশ করেছে চীন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2013, 02:33 PM

Updated : 23 Aug 2022, 07:10 PM

চীনের রাষ্ট্রদূত লি জুন এক বিবৃতিতে একটি অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে  ‘সহিংসতার বদলে প্রজ্ঞার’ পরিচয় দিতে প্রধান দুই নেত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “বাংলাদেশে রাজনৈতিক সংকটের কারণে ক্রমশ বেড়ে চলা সহিংসতায় আমি গভীরভাবে উদ্বিগ্ন।”

চীন আগে কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা না বললেও রাষ্ট্রদূত লি জুন সাম্প্রতিক সময়ে পশ্চিমা রাষ্ট্রদূতদের মতো শান্তি ও রাজনৈতিক সমঝোতার পক্ষে কথা বলছেন।

বিশ্লেষকদের মতে, এ বছর চীনা কমিউনিস্ট পার্টিতে নতুন নেতৃত্ব আসার পর থেকে এশিয়া, বিশেষ করে নিকট প্রতিবেশীদের বিষয়েও উচ্চকণ্ঠ হয়েছে বেইজিং।

কলকাতাভিত্তিক সেন্টার ফর স্ট্যাডিজ ইন ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড ডেভলপমেন্টের (সিএসআইআরডি) চীন পর্যবেক্ষক বিনোদা মিশ্র বলেন, “নতুন নেতৃত্ব এ বার্তা পৌঁছে দিতে চায় যে- চীন নিস্ক্রিয় দর্শক নয়, বরং এ অঞ্চলের গুরুত্বপূর্ণ শক্তি।”

লি জুন এর আগে জানান, বাংলাদেশের একজন বন্ধু হিসেবে প্রধান দুই দলের মধ্যে সরাসরি সংলাপ অনুষ্ঠানের ব্যাপারে তিনি চেষ্টা করছেন।

বাংলাদেশের প্রধান দুই দলের মধ্যে সংলাপ অনুষ্ঠানে ভারত, যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলোর চেষ্টায় চীনও যে শামিল হয়েছে, রাষ্ট্রদূতের কথায় সে বিষয়টিই স্পষ্ট হয়।

রাষ্ট্রদূত জুন বলেন, সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠানে প্রধান দলগুলো দুই নেত্রীর ফোনালাপের মতো ‘ইতিবাচক পদক্ষেপ’ অব্যাহত রাখবে বলে তারা আশা করছেন।

গত শনিবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ফোন করে নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার জন্য সোমবার গণভবনে তাকে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে খালেদা জিয়া বলেন, তাদের ডাকা ৬০ ঘণ্টার হরতাল শেষে যে কোনো সময় আলোচনায় যেতে প্রস্তুত তিনি।

এদিকে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতালের প্রথম দুই দিনে সারা দেশে সহিংসতায় অন্তত ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।