হালিশহরে হরতাল সমর্থক-বিরোধী সংঘর্ষ, বোমা উদ্ধার
বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোটের তিনদিনের হরতালের দ্বিতীয় দিনে চট্টগ্রাম নগরীর হালিশহরে হরতাল সমর্থক ও বিরোধীদের মধ্যে ধাওয়া পাল্টা হয়েছে।
হরতাল সমর্থকরা বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানোর পর একটি তাজা হাতবোমা উদ্ধার করে পুলিশ।
সোমবার হরতালের সমর্থনে হালিশহর থানাধীন বড়পুল এলাকায় সমাবেশ করে বিএনপিসহ ১৮ দল।
বেলা সোয়া ১১টার দিকে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য শেষ হলে স্থানীয় আওয়ামী লীগ ও ১৮ দলের কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় পুলিশ গিয়ে উভয় পক্ষকে ধাওয়া দিলে তাদের দিকে ইট-পাথর ছোড়া হয়।
দুপুর সাড়ে ১২টার দিকে একই স্থানে এক সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বক্তব্য দেয়ার সময় আবার ধাওয়া-পাল্টা ধাওয়া।
এছাড়া বেলা সোয়া দুইটার দিকে দুপক্ষের মধ্যে আবার ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। তখন উভয় পক্ষই দেশীয় তৈরি অস্ত্র নিয়ে মহড়া দেয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
হালিশহর থানার ওসি শাজাহান কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বড়পুল বিদ্যুৎ অফিসের সামনে হরতাল সমর্থকরা এবং কাছেই সরকার সমর্থকরা অবস্থান নেয়।
তিনি বলেন, “এসময় হরতাল সমর্থকরা বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউণ্ড টিয়ার সেল ছোড়ে।”
এসময় ঘটনাস্থল থেকে কালো টেপমোড়া একটি হাতবোমা উদ্ধার করা হয়।
গত ৭ অক্টোবর হেফাজত নেতা মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী পরিচালিত লালখান বাজার মাদ্রাসা থেকে উদ্ধার করা বোমার সঙ্গে ওই বোমাটির মিল রয়েছে বলে জানান নগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্য এসআই সন্তোষ চাকমা।
তিনি বলেন, “৩১ অগাস্ট চট্টগ্রাম রেল স্টেশনে গ্রেপ্তার শিবিরকর্মীর কাছ থেকে পাওয়া বোমার সঙ্গেও এর মিল রয়েছে।”
