২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে সংঘর্ষে কিশোরের মৃত্যু, ১৪৪ ধারা

হরতালের মধ্যে চাঁদপুরের পুরানবাজার এলাকায় বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে।   

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2013, 02:09 PM

Updated : 25 Apr 2022, 07:26 PM

এ ঘটনার পর চাঁদপুর পৌর এলাকায়  ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। 

জেলার পুলিশ সুপার মোহাম্মদ আমীর জাফর জানান, নিহত মোহাম্মদ আরজুকে (১৬) নিজেদের কর্মী বলে দাবি করেছে ছাত্রদল। তার লাশ সদর হাসপাতালে রাখা হয়েছে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে পুরানবাজারের নতুন রাস্তা এলাকায় পিকেটিংয়ের সময় হরতাল সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষ বাঁধে।

দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে পরস্পরের ওপর হামলা চালায় এবং পাশেপাশের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে নির্বিচারে ভাংচুর চালায়। পুরো এলাকা জুড়ে আতংক ছড়িয়ে পড়ে।

এসময় প্রায় দেড় ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে। সংঘর্ষে আহত হন দুইপক্ষের অর্ধশতাধিক কর্মী।

পরে পুলিশ এসে রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

আহতদের মধ্যে মোহাম্মদ আরজুকে সদর হাসপাতলে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে পুলিশ সুপার আমীর জাফর জানান।

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে চাঁদপুর পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিবুল ইসলাম খান জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌর এলাকায় সব ধরনের সভা, সমবেশ ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। 

চাঁদপুর সদর মডেল থানার এসআই আবু সাঈদ বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত। পুলিশ সতর্ক রয়েছে।