২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত ভবনে নথি রাখার কক্ষে আগুন

বিরোধী দলের হরতালের মধ্যে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত ভবনের একটি কক্ষে আগুন লেগে বিভিন্ন মামলায় পুলিশের তদন্তের নথি পুড়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2013, 01:59 PM

Updated : 23 Aug 2022, 07:10 PM

এ ঘটনার পেছনে হরতালকারীরা জড়িত বলে পুলিশের সন্দেহ।

আমাদের আদালত প্রাতিবেদক প্রকাশ বিশ্বাস জানান, রোববার বেলা দেড়টার দিকে আদালতের ‘নন জি আর সেকশনের’ ওই কক্ষ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে শুরু করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ আদালতের অ্যাডভোকেট চৌধুরী মো. গালিব রাকীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই কক্ষে পুলিশের মামলার নথি সংরক্ষণ করা হয়। তবে আদালতের কর্মীরাই আগুন নিভিয়ে ফেলেন।

আগুন নেভাতে গিয়ে দোতলার দায়িত্বপালনকারী পরিচ্ছনতাকর্মী ওবায়দুলের হাত পুড়ে যায়।

ওই কক্ষে ঢাকার একান্নটি থানার মামলা কাযক্রমের নথিপত্রের আংশিক আগুনে পুড়ে গেছে বলেও জানান গালিব।

অগ্নিকাণ্ডের সময় আদালত ভবনের নিচতলার ওই কক্ষ পুলিশ ঘিরে রাখে ।

সদরঘাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল আহমেদ বলেন, “আমাদের ইউনিট পৌঁছানোর আগেই স্থানীয়ভাবে আগুন নেভানো হয়।”

আদালতে দায়িত্বপালনকারী পুলিশের এসি (প্রসিকিউশন) আমিনুর রহমান বলেন, “উদ্দেশ্যমূলকভাবে হরতাল সমর্থনকারী কেউ পেট্রল ঢেলে ওই কক্ষে আগুন দিয়েছে বলে আমাদের ধারণা।”

তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।

এদিকে বেলা সোয়া ২টার দিকে আদালত প্রাঙ্গণে কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে সাংবাদিক কক্ষের সামনে একটি হাতবোমা বিস্ফোরিত হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী অ্যাডভোকেট রেজাউর রহমান পিন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা জেলা জজ আদালতের পুরনো ভবনের ছাদ থেকে কেউ হাতবোমাটি ছুড়ে দিয়েছে বলে আমাদের মনে হয়েছে।”

এ ঘটনায় আদালত প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শব্দে আইনজীবীরা পাশের বার ভবনে ঢুকে পড়েন এবং আদালতের বারান্দায় অবস্থানকারীরা এজলাসে ঢুকে পড়েন।