ঝিনাইদহে ৪৭ লাখ টাকা ‘ছিনতাই’
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় কয়েকজন চামড়া ব্যবসায়ীর ৪৭ লাখ টাকা ‘ছিনতাই’ করেছে দুর্বৃত্তরা।
শনিবার সকালে ঝিনাইদহ-যশোর সড়কের আমবাগান এলাকায় এ ঘটনা ঘটেছে।
বিষয়টি রহস্যজনক বলে মনে করছে পুলিশ।
ব্যবসায়ী মোহাম্মদ শুকুর আলী স্থানীয় সাংবাদিকদের জানান, তিনিসহ কয়েকজন ব্যবসায়ী ঢাকার হাজারীবাগের একটি প্রতিষ্ঠান থেকে অগ্রিম টাকা নিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে চামড়া কিনে দেন।
শনিবারও তারা পাঁচজন চামড়া কেনার জন্য মাইক্রোযোগে পাবনার ঈশ্বরদী থেকে যশোরের রাজারহাট চামড়া বাজারে যাচ্ছিলেন।
সকাল ৭টার দিকে কালীগঞ্জের আমবাগান পৌঁছালে একটি মাইক্রোবাস তাদের গাড়ির গতিরোধ করে। মাইক্রোবাস থেকে আট জনের একটি দল নিজেদের র্যাব পরিচয় দিয়ে তাদের গাড়ির চাবি কেড়ে নেয়।
এরপর তাদের গাড়িটি চালিয়ে একটি গ্রামীণ সড়ক দিয়ে কিছুদূর গিয়ে তাদের মারধোর করে এবং ৪৭ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।
ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, তারা টাকা ছিনতাইয়ের কথা থানায় জানিয়ে একটি সাধারণ ডায়েরি করতে বলেন। কিন্তু পুলিশ তাদের এ ব্যাপারে মামলা করতে বললে তারা রাজি না হয়ে চলে যান।
তাই ঘটনাটি পুলিশের কাছে রহস্যজনক বলে মনে হচ্ছে, বলেন তিনি।
