বিজয় নগরে বোমা বিস্ফোরণ, ভাংচুর
হরতালের আগের দিন রাজধানীর বিজয় নগরে বেশ কয়কটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে, ভাংচুর হয়েছে কয়েকটি গাড়িও।
শনিবার বেলা দেড়টার দিকে ‘পল্টন টাওয়ারের’ সামনে ১৫ থেকে ২০ জন যুবককে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটাতে দেখেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সহসম্পাদক দেবাশীষ দেব।
তিনি বলেন, ওই যুবকরা দৌড়ে এসে পল্টন টাওয়ারের সামনে দাঁড়িয়ে থাকা দুটি প্রাইভেটকার লক্ষ্য করে পেছন দিকে পরপর দুটি বোমা ছুড়ে মারে। বোমা দুটি বিস্ফোরিত হলেও গাড়ি দুটি ক্ষতিগ্রস্ত হয়নি।
এরপর বিক্ষিপ্তভাবে আরো ৪/৫টি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে স্লোগান দিতে দিতে ওই যুবকরা বিজয় নগরের দিকে চলে যায় যুবকরা।
যুবকরা তাদের হাতে থাকা পলিথিনের ব্যাগ থেকে বোমাগুলো বের করছিল ফাটাচ্ছিল।
ওই সময় ওই এলাকায় কয়েকটি গাড়িও ভাংচুর হয়। তবে পুলিশ এলে ওই যুবকরা সটকে পড়ে।
মগবাজারে সড়কে পেট্রল ঢেলে আগুন দিতে দেখা গেছে।
১৮ দলের ডাকা হরতালের আগে রাজধানীর আরো কয়েকটি স্থানে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। কাকরাইলে আপিল বিভাগের বিচারপতি এস কে সিনহার বাড়ির সামনে এবং পল্টনে পুলিশের কার্যালয়ের সামনেও বিস্ফোরণ ঘটে।
হাতবোমার পাশাপাশি ফার্মগেইট একটি বাস, কলাবাগানে একটি গাড়ি এবং কারওয়ান বাজারে একটি সিএনজি অটোরিকশায় আগুন দেয়া হয়।
