২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর বিভিন্ন স্থানে গাড়িতে আগুন

১৮ দলের ডাকা হরতালের আগে রাজধানীর কয়েকটি স্থানে হাতবোমার বিস্ফোরণের পাশাপাশি কয়েকটি গাড়িতে আগুন দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2013, 01:12 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

শনিবার বেলা সোয়া ১২টার দিকে তেজগাঁও কলেজের সামনে সায়েদাবাদ-গাবতলী (৮ নম্বর) রুটের একটি বাসে আগুন দেয়া হয় বলে পুলিশ জানিয়েছে।

তেজগাঁও থানার উপ পরিদর্শক শাহিদা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুর্বৃত্তরা আগুন দিয়েই পালিয়ে যায়, কাউকে ধরা যায়নি।”

এছাড়া বেলা দেড়টার দিকে কলাবাগান ওভার ব্রিজের নিচে মিরপুর সড়কে একটি গাড়ি পুড়তে দেখেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক।

বেলা ৩টার দিকে কাওরানবজারে বিসিআইসি ভবনের সামনে একটি সিএনজি অটোরিকশায় আগুন দেয়া হয়।

বিকাল সাড়ে ৪টার দিকে নয়া পল্টনে বিএনপি র কার্যালয়ের সামনে একটি পিকআপভ্যানে আগুন দেয়া হয়।

এরপর পৌনে ৬টার দিকে তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় একটি কভার্ড ভ্যানে এবং জাতীয় শিকাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সামনে একটি বাসে আগুন দেয়া হয়।

বেলা দেড়টার দিকে বিজয় নগরে ‘পল্টন টাওয়ারের’ সামনে ১৫ থেকে ২০ জন যুবক কয়েকটি গাড়ি ভাংচুর করে। তবে পুলিশ এলে ওই যুবকরা সটকে পড়ে।

হরতালের আগের দিন সকাল থেকে রাজধানীর কয়েকটি স্থানে হাতবোমার বিস্ফোরণও ঘটানো হয়েছে, যার একটি ঘটেছে আপিল বিভাগের বিচারপতি এস কে সিনহার বাড়ির সামনে।

এছাড়াও ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনারের কার্যালয়ের সামনেও কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।

নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহালের জন্য সরকার আলোচনার উদ্যোগ না নিলে রোববার সকাল থেকে ৬০ ঘণ্টার হরতালের ডাক দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শুক্রবার ওই জনসভার পর কারওয়ান বাজারে একটি বাসেও আগুন দেয়া হয়। সেজন্য ১৮ দলীয় জোটের কর্মীদের দায়ী করেছে পুলিশ।

পুরনো খবর:

হরতাল ঘিরে নতুন উৎকণ্ঠা