২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল ঘিরে নতুন উৎকণ্ঠা

নির্বাচনের দিনগণনা শুরুর প্রাক্কালে দুই দলের পাল্টাপাল্টি অবস্থানে সহিংসতার আশঙ্কার মধ্যে পার হয়েছে উৎকণ্ঠার ‘একদিন’। রাজধানী অনেকটা ‘শান্ত’ থাকলেও সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটেছে কয়েকটি জেলায়। বিএনপির সমাবেশ থেকে এসেছে শর্ত সাপেক্ষে টানা তিন দিনের হরতাল কর্মসূচি। আর এ নিয়ে নতুন করে দানা বেঁধেছে উৎকণ্ঠা।

এহেছান লেনিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2013, 11:25 PM

Updated : 13 Oct 2022, 03:01 PM

পুরনো খবর:

সংলাপ না দিলে ৩ দিন হরতাল: খালেদা
উত্তেজনা দেশজুড়ে, উদ্বেগ

সাপ্তাহিক ছুটি থাকায় এমনিতেই শুক্রবার সকাল থেকে রাজধানীর সড়কগুলোতে মানুষের উপস্থিতি ছিল তুলনামূলক কম। সঙ্গে ছিল বৃষ্টির আনাগোণা। তবে সবকিছু ছাপিয়ে সাধারণ মানুষের দৃষ্টি ছিল সোহরাওয়ার্দী উদ্যানে, যেখানে সমাবেশ করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

সন্ধ্যা ৭টার দিকে মিরপুর ১১ নম্বরের বাসিন্দা মোখলেছুর রহমানের সঙ্গে কথা হয় মূল সড়কের উপর। তিনি জানান, সারাদিন টেলিভিশনে খবর দেখেছেন। তবে তেমন কোনো গোলযোগ না হওয়ায় স্বস্তি বোধ করছেন।

“আশঙ্কা করছিলাম বড় ধরনের কিছু হবে। যাই হোক কিছু হয়নি এতেই শান্তি। আশা করছি সব সমস্যার সমাধান হয়ে যাবে। তবে ছাড় দিতে হবে দুই দলকে।”

অবশ্য নতুন করে হরতাল কর্মসূচি ঘোষণা করায় উদ্বেগ প্রকাশ করেন বেসরকারি ব্যাংকের এই কর্মকর্তা।

মহাখালীর ব্যবসায়ী শফিউর রহমান বলেন, “হরতাল না দিলেই ভালো ছিল। আমরা শান্তিতে থাকতে পারতাম। খালেদা জিয়া দুই দিন সময় দিয়ে হরতাল দেয়ায় উৎকণ্ঠা রয়েই গেল। আলোচনার ক্ষেত্র এমনিতেই প্রস্তুত ছিল। হরতাল কর্মসূচি দিয়ে বরং তা পিছিয়ে দেয়া হলো।”   

কড়া নিরাপত্তার আর টানটান উত্তেজনার মধ্যে শান্তিপূর্ণ সমাবেশ হলেও রাজধানীর কয়েকটি স্থানে এদিন পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ এবং দুটি গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

সন্ধ্যায় জনসভা শেষে ফিরে যাওয়ার সময় হাই কোর্ট এলাকায় কদম ফোয়ারার সামনে শিবিরের মিছিল থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। প্রায় একই সময় হাতবোমা বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেয়া হয় রাজধানীর শাহবাগ, কারওয়ান বাজার, কাটাবন, সেগুনবাগিচা, পুরানা পল্টনে। 

অন্যদিকে রাজধানীর বাইরে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিএনপি ও জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষে চকোরিয়া, চাঁদপুর ও নীলফামারিতে নিহত হয়েছেন ছয়জন।

সংবিধানের পঞ্চদশ সংশোধনের ফলে সংসদের মেয়াদ শেষের আগের ৯০ দিনের মধ্যে অর্থাৎ ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে আগামী সংসদ নির্বাচন হবে। সে হিসাবে শুক্রবার থেকে শুরু হয়েছে দিন গণনা।

তবে এর আগে গত ১৮ অক্টোবর নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব দিয়ে তাতে অংশ নিতে বিএনপির প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর দুদিনের মাথায় বিএনপি চেয়ারপারসন পাল্টা প্রস্তাবে নির্দলীয় সরকারের রূপরেখা তুলে ধরে তা নিয়ে আলোচনার আহ্বান জানান, যাকে ‘অবাস্তব’ অভিহিত করেছেন আওয়ামী লীগ সভানেত্রী।

খালেদার সমাবেশ, হরতাল

বিএনপির তোলা ‘নির্বাচনকালীন নির্দলীয় সরকারের’ প্রস্তাব নিয়ে সরকার সংলাপের উদ্যোগ না নিলে রোববার থেকে সারা দেশে তিন দিন টানা হরতালের কর্মসূচি ঘোষণা করেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

তিনি বলেছেন, শেখ হাসিনার অধীনে তারা নির্বাচনে যাবেন না। নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন করতে হবে। তাদের দেয়া ‘ফর্মুলা’ গ্রহণ করতে হবে।

নির্বাচনকালীন সরকার নিয়ে সরকারকে দুই দিন সময় দিয়ে বিএনপি চেয়ারপারসন তিন দিনের হরতাল কর্মসূচি ঘোষণা করেন।

হরতাল প্রত্যাহারের আহ্বান

এদিকে বিএনপির ওই সমাবেশের পর হরতালের কর্মসূচি প্রত্যাহার করে নির্বাচনের প্রস্তুতি নিতে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানায় আওয়ামী লীগ।

দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, খালেদা জিয়ার বক্তব্য শুনে সাধারণ মানুষ আশাহত ও উৎকণ্ঠিত হয়েছে। বিরোধী দলীয় নেতা সোহরাওয়ার্দি উদ্যানের সমাবেশে যে বক্তব্য দিয়েছেন তা যুক্তিহীন, অসাড় ও আক্রমণাত্মক।

অবশ্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গুলশানে এক অনুষ্ঠানে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনো সময় আলোচনার জন্য বিরোধী দলীয় নেতার সঙ্গে যোগাযোগ করতে পারেন।

বিভিন্ন জেলায় সংঘর্ষ, নিহত ৬

পুলিশ ও স্থানীয় প্রশাসন শর্তসাপেক্ষে অনুমতি দেয়ার পর চট্টগ্রাম, রাজশাহী, খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে সমাবেশ ও জনসভা করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

সংঘর্ষের ঘটনা ঘটেছে চকরিয়া, চাঁদপুর ও নীলফামারীতে। এসব এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন মোট ৬ জন। এদের মধ্যে কক্সবাজারের চকরিয়ায় ১৪৪ ধারা ভেঙে মিছিল বের করলে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপির দুই কর্মী নিহত হয়।

নিহতরা হলেন- চকরিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম বাদশা (২৮) ও কাকারা ইউনিয়নের ছাত্রদলকর্মী মো. মিজান (১৮)।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে তিন যুবদলকর্মী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে রয়েছেন উপজেলার খেজুরতলা এলাকার মো. আলিমের ছেলে আরিফ হোসেন (২৩), গাজীপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন (৩০)। চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যুর খবর পুলিশ নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে নাম জানা যায়নি।

এছাড়া নীলফামারীর জলঢাকা উপজেলায় জামায়াত-শিবির ও বিএনপির সঙ্গে পুলিশ ও র‌্যাবের সংঘর্ষে এক শিবিরকর্মী নিহত হয়।

বিকেলে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ কমপক্ষে ৫০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এর বাইরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়েছে। প্রাণহানির খবর না থাকলেও শতাধিক আহত হয়েছেন এসব জেলায়।

এর মধ্যে কুমিল্লার মনোহরগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অর্ধ-শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সংঘর্ষে উভয় পক্ষের ৮/১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে উপজেলা যুবদল সভাপতি শাহীন রহমান এবং স্বেচ্ছাসেবক দলের কর্মী জামাল মিয়া ও মাসুদকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

গাইবন্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

গাজীপুরের শ্রীপুরে বিএনপি ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।

লালমনিরহাটের হাতীবান্ধায় পুলিশ, ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের দুই কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন।

মাগুরায় বিক্ষোভ মিছিল থেকে জেলা শহরে ভাঙচুর ও বোমা বিস্ফোরণ ঘটিয়েছে বিএনপির নেতাকর্মীরা। এ সময় শহরের এমআর রোডে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু নাসির বাবলুর বাড়ি ও তার মালিকানাধীন মার্কেটে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।

নেত্রকোনার বারহাট্টায় সংঘর্ষে অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে ১১ জনকে বারহাট্রা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

পাবনার ঈশ্বরদীতে ১৮ দলের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া পঞ্চগড়ে সংঘর্ষে পুলিশ সদস্যসহ ৮ জন এবং রাঙামাটিতে পুলিশসহ অন্তত ২৩ জন আহত হয়েছেন।

(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক শহীদুল ইসলাম, কামাল তালুকদার, সুলায়মান নিলয়, আশিক হোসেন, গোলাম মুজতবা ধ্রুব, ফয়জুল সিদ্দিকী ও জেলা প্রতিনিধিরা)