২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপ না দিলে ৩ দিন হরতাল: খালেদা

বিএনপির তোলা ‘নির্বাচনকালীন নির্দলীয় সরকারের’ প্রস্তাব নিয়ে সরকার সংলাপের উদ্যোগ না নিলে রোববার থেকে সারা দেশে তিন দিন টানা হরতালের কর্মসূচি করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2013, 05:16 PM

Updated : 13 Oct 2022, 03:01 PM

পুরনো খবর:

জনসভা শুরু শিবির নেতার হুমকিতে
‘আমাদেরও বাধা দিতে পারবেন না’

তিনি বলেছেন, “হাসিনার অধীনে নির্বাচন হবে না। নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে। আমাদের ফর্মুলা গ্রহণ করতে হবে।”

শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে ১৮দলীয় জোটের জনসভায় তিনি এই ‘প্রাথমিক’ কর্মসূচি ঘোষণা করেন।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে খালেদা বলেন, “নির্বাচনকালীন সরকার নিয়ে সরকারকে দুই দিন সময় দিলাম। আজ ও কালকের মধ্যে যদি আলোচনার ব্যবস্থা না করেন…”

এরপর কয়েক সেকেন্ড নিরব থেকে নাটকীয়তার আবহ তৈরি করেন খালেদা। মঞ্চের সামনের অংশে বসা জামায়াত-শিবির ও বিএনপি কর্মীরা এ সময় হরতাল.. হরতাল বলে শ্লোগান শুরু করেন।

বিরোধী দলীয় নেতা বলছেন, “আমরা প্রাথমিক কর্মসূচি দিচ্ছি। ২৭ অক্টোবর রবিবার ভোর ৬টা থেকে ২৯ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে হরতাল পালিত হবে। বিরতিহীনভাবে এই হরতাল চলবে।”

এরপরও সরকারের বোধদয় না হলে আরো কঠিন কর্মসূচি দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

খালেদার দাবি, নির্বাচনের দিন গণনা শুরু হচ্ছে বলে ২৭ অক্টোবর থেকেই বর্তমান সরকারের ‘বৈধ্যতা শেষ’। যদিও বৃহস্পতিবার তিনি বলেছিলেন, শুক্রবার থেকেই এ সরকার ‘অবৈধ’ হয়ে যাচ্ছে।

সমাবেশে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে খালেদা জিয়া বলেন, “সদিচ্ছা থাকলে আলোচনায় বসে যেতেন। কিন্তু কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যে কোনোভাবে নির্বাচন করতে দেয়া হবে না। সব দলের অংশগ্রহণেই নির্বাচন হবে।”

নির্বাচন কমিশন এ নিয়ে ‘বাড়াবাড়ি’ করলে তার ফল ‘শুভ হবে না’ বলেও হুঁশিয়ার করেন বিএনপি চেয়ারপার্সন।

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট প্রায় দুই সপ্তাহ আগে শুক্রবারের এই জনসভার কর্মসূচি ঘোষণা করে। ক্ষমতাসীন আওয়ামী লীগ একই দিনে রাজধানীতে কর্মসূচি দিলে জনমনে সৃষ্টি হয় সংঘাতের আশঙ্কা।

এরইমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৮ অক্টোবর জাতির উদ্দেশ্যে ভাষণে ‘নির্বাচনকালীন সর্বদলীয় মন্ত্রিসভার’ প্রস্তাব দেন এবং বিরোধী দলকে তাতে যোগ দেয়ার আহ্বান জানান। 

এর দুদিন পর ওই প্রস্তাব নাকচ করে পাল্টা প্রস্তাব তোলেন বিরোধী দলীয় নেতা।

তার প্রস্তাবে বলা হয়, ১৯৯৬ ও ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের ২০ জন উপদেষ্টা থেকে দুই দল ৫ জন করে উপদেষ্টাকে মনোনয়ন দেবে এবং তাদের নিয়ে অন্তবর্তীকালীন সরকার হবে। আর ঐকমত্যের ভিত্তিতে দেশের একজন ‘সন্মান্বিত নাগরিক’ হবে ওই সরকারের ‘প্রধান উপদেষ্টা’।

খালেদার প্রস্তাবের পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলোচনার প্রস্তাব দিয়ে চিঠি পাঠান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে। বুধবার সংসদে গিয়ে ওই প্রস্তাব পড়ে শুনিয়ে প্রধানমন্ত্রীকে আলোচনার উদ্যোগ নেয়ার আহ্বান জানান বিএনপির সাংসদরা।

তবে একই রাতে ১৪ দলের বৈঠকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, বিরোধীদলের প্রস্তাব ‘অবস্তব’।

সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় রাজনৈতিক প্রতিপক্ষ শেখ হাসিনার উদ্দেশ্যে খালেদা বলেন, “আমি যে প্রস্তাব দিয়েছি, তাতে সামন্য সংশোধনী লাগবে। আমি বন্ধু হিসেবে আপনাকে বলছি, আসুন একসঙ্গে সংবিধান সংশোধন করি। ”

দাবি না মানলে এই সরকারকে হটানোর আন্দোলনে সর্বস্তরের জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা।

তিনি বলেন, “ইনশাল্লাহ আবার দেখা হবে রাস্তায়। মা-ভাই-বোন সবাইকে রাস্তায় নামতে হবে। সরকার অন্যায় কাজ করলে তার জবাব দিতে হবে।”

 

সরকারের সমালোচনা, ‘আগামীর’ প্রতিশ্রুতি

আধা ঘণ্টার বক্তব্যে বিরোধী দলীয় নেতা দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচন নিয়ে দলীয় অবস্থান তুলে ধরেন এবং সরকারের বিরুদ্ধে দুর্নীতি, দলীয়করণ, অপশাসনসহ ব্যর্থতার নানা অভিযোগ আনেন।

বক্তব্যের শুরুতেই তিনি বলেন, সরকার দেশের উন্নয়ন করার দাবি করলেও আসলে তা সত্যি নয় বলে জনগণকে ভয় পায়।

“এ কারণেই তারা  সারাদেশকে আজ অবরুদ্ধ করে ফেলেছে। ১৪৪ ধারা জারি করে,  রাস্তাঘাট বন্ধ করে দিয়ে নিজেরাই দেশকে অবরোধ করে ফেলেছে। তারা জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।”

প্রধানমন্ত্রী হেলিকপ্টারে ঘুরে রাষ্ট্রীয় অর্থ খরচ করে নৌকার পক্ষে ভোট চেয়ে বেড়াচ্ছেন বলেও অভিযোগ করেন খালেদা।

মঞ্চে দাঁড়িয়ে দৈনিক ইনকিলাবের একটি প্রতিবেদন হাতে তুলে দেখিয়ে তিনি বলেন, ডিসিরাও আওয়ামী লীগের পক্ষে ভোট চাইছেন।    

একদলীয় নির্বাচন হলে পুলিশ প্রশাসনকে তাতে ‘সহযোগিতা’ না করারও আহবান জানান বিগত চারদলীয় সরকারের প্রধানমন্ত্রী খালেদা।

“আইনশৃঙ্খলা বাহিনী ও পুলিশদের বলব, এই অবৈধ সরকারকে আর সহযোগিতা করবেন না। নেতা-কর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন-গ্রেপ্তার বন্ধ করুন।’’

খালেদা জিয়া অভিযোগ করেন, আওয়ামী লীগই অতীতে বিভিন্ন সময়ে ‘অবৈধ ও অসাংবিধানিক’ সরকার আসতে সহযোগিতা করেছে। 

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা, আর্থিক খাতে কেলেঙ্কারি, পদ্মাসেতুসহ বিভিন্ন খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাটের অভিযোগ আনেন তিনি ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে।

পোশাক শিল্পের ‘অরাজক পরিস্থিতি’ ও সাভারের রানা প্লাজা ধসের জন্য সরকারকে দায়ী করে বিএনপি প্রধান বলেন, “রানা প্লাজার মালিক এখন কারাগারে জামাই আদরে আছে। মুরাদ জং এখনো গ্রেপ্তার হয়নি।’’

গ্রামীণ ব্যাংক ও মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে সরকারের সমালোচনা করে খালেদা বলেন, “সরকার এই প্রতিষ্ঠানকে ধ্বংস করে মানুষকে গরিব বানাতে চায়। অধ্যাপক ইউনূসকে অসন্মান করা হচ্ছে। তারা (সরকার) মানুষকে সন্মান দিতে জানে না। বাংলাদেশের মানুষও তাদের সন্মান দেবে  না।”

ক্ষমতাসীনদের ‘সোজা পথে’ আসার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, “তিনি (শেখ হাসিনা) জানেন, নৌকার তলা ফুটো হয়ে গেছে। পানি ঢুকে গেছে। অনেকে লাফিয়ে লাফিয়ে পড়ে পালাচ্ছে।’’

আগামীতে নির্বাচিত হলে বিএনপি কী কী করবে, তারও বিবরণ দেন বিএনপি চেয়ারপার্সন।  

তিনি বলেন,  “দেশ ও গণতন্ত্র রক্ষা ও আওয়ামী লীগ হটানোর জন্য আমাদের এগিয়ে যেতে হবে। জয় আমাদের সুনিশ্চিত। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমেই আগামী ১৮ দলীয় জোট সরকার গঠন করবে।’’

বিএনপি ক্ষমতায় গেলে দলীকরণ করবে না- এমন আশ্বাস দিয়ে বিএনপি প্রধান বলেন, “দলীয়করণে ব্যক্তি ও দলের উপকার হয়, দেশের কোনো লাভ হয় না। আমরা দলীয়করণ করব না। জনগণের জন্য কাজ করব।’’

ক্ষমতায় গেলে ‘রাজবন্দিদের’ মুক্তি দেয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। 

 

তৎপর জামায়াত-শিবির

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১৮ দলীয় জোটের উদ্যোগে এই জনসভা হয়।

বিএনপির এই জনসভার ঘোষণা এবং ক্ষমতাসীন দলের পাল্টা কর্মসূচির কারণে ঢাকায় সভা সমাবেশের ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করলেও বৃহস্পতিবার ১৩ শর্তে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতি দেয় পুলিশ।    

জোটের শরিক দল জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা সকাল থেকেই সমাবেশস্থলে জড়ো হন এবং মঞ্চের সামনের অংশ দখল করেন। এ সময় যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতাদের মুক্তির দাবি সম্বলিত ব্যানার দেখা যায় তাদের হাতে। একই দাবি লেখা বড় আকারের চারটি বেলুনও ওড়ানো হয় উদ্যানে।

জুমার নামাজের পর অন্যান্য শরিক দলের নেতাকর্মীরাও দলে দলে সমাবেশস্থলে উপস্থিত হন। বেলা ৩টার মধ্যে মঞ্চের আশ-পাশ এবং মৎস্যভবন-শাহবাগ-হাইকোর্ট সড়কে কয়েক হাজার মানুষ সমবেত হয়।

বৃষ্টিতে উদ্যানের অনেক জায়গায় কাদা হয়ে যাওয়ায় অনেককেই পড়তে হয় বিড়ম্বনায়।

এই সমাবেশ ঘিরে উদ্যান ও আশেপাশের এলাকায় নেয়া হয় ব্যাপক নিরাপত্তা। তারপরও সমাবেশে শেষে ১৮ দলের নেতাকর্মীদের ফেরার পথে কদম ফোরারা, কাঁটাবন, পল্টনে হাতবোমা ফাটানো হয়, কারওয়ান বাজার ও সেগুনবাগিচায় আগুন দেয়া হয় দুটি গাড়িতে।    

মহানগর বিএনপির আহবায়ক সাদেক হোসেন খোকা‘র সভাপতিত্বে ১৮ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অলি আহমেদ, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর আলহাজ মকবুল আহমেদ, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান  মাওলানা আবদুল লতিফ নেজামী, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, খেলাফত মজলিশের নায়েবে আমীর মাওলানা সৈয়দ মজিবর রহমান, এনপিপির সভাপতি শেখ শওকত হোসেন নিলু, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মূর্তজা, জমিয়তে উলামা ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মহিউদ্দিন ইকরাম জনসভায় বক্তব্য দেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সহসভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নান,শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, মাহবুবউদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সাংসদ আবুল খায়ের ভুঁইয়া, শহীদউদ্দিন চৌধুরী এ্যানী ও সাবেক সাংসদ খায়রুল কবীর খোকন বক্তব্য দেন।

জনসভা পরিচালনা করেন বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ও মহানগর সদস্য সচিব আবদুস সালাম।