‘আমাদেরও বাধা দিতে পারবেন না’
সরকার ‘অবৈধ’ হয়ে যাওয়ার পরও ক্ষমতায় রয়েছে অভিযোগ করে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, বিরোধী দলকে বাধা দেয়ার কোনো অধিকারও এখন তারা রাখে না।
শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে ১৮দলীয় জোটের জনসভায় তিনি এ কথা বলেন।
বিএনপি চেযারপার্সন বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার নিজেদের জনগণের সরকার বলে দাবি করলেও তারা আসলে কেবল আওয়ামী লীগেরই সরকার।
“তারা দাবি করে তারা জনগণের সরকার। জনগণের সরকারের তো জনগণকে ভয় পাওয়ার কথা নয়।”
সরকারের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, “অবৈধ হয়েও যদি আপনারা ক্ষমতায় থাকতে পারেন, তবে আমাদের বাধা দেয়ার কেনো অধিকার কিন্তু আপনাদের থাকবে না।”
ক্ষমতাসীন সরকার মানুষের ভোট ছিনতাইয়ের ‘অপচেষ্টা’ করছে বলেও খালেদা অভিযোগ করেন।
এই সরকারের বিরুদ্ধে কর্মসূচি আসছে বলেও উপস্থিত নেতাকর্মীদের জানান তিনি।
বিকাল ৪টা ৫ মিনিটে খালেদা মঞ্চে উঠলে নেতা-কর্মী-সমর্থকরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান। হাস্যোজ্জ্বল খালেদা এ সময় হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।
খালেদা জিয়ার গাড়ি মৎস্যভবন থেকে সোহরাওয়ার্দী উদ্যানে মঞ্চের সামনে আসার সময় মানুষের ভিড় সামলাতে বেগ পেতে হয় নিরাপত্তাকর্মীদের।
এর আগে বেলা সোয়া ২টায় দিকে মহানগর বিএনপির আহবায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে জনসভার কার্যক্রম শুরু হয়।
বিরোধী দলীয় নেতার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের শীর্ষ নেতারা মঞ্চে রয়েছেন।
এই সমাবেশে যোগ দিতে সকাল থেকে হালকা বৃষ্টিতে কর্দমাক্ত উদ্যানে জড়ো হন হাজার হাজার নেতাকর্মী।
ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন শাখার নেতা কর্মীরা সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সংলগ্ন গেইটের সামনে অবস্থান নেয়। পরে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সীমানা দেয়ালের পাশে পশ্চিমমুখী মঞ্চের সামনে অবস্থান নেন তারা।
বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও ১৮ দলীয় জোটের অন্য শরিকরা সমাবেশস্থলে পৌঁছান আরো পরে।
রাজনৈতিক উত্তাপের মধ্যে এই সমাবেশকে ঘিরে উদ্যানের আশেপাশে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। মৎস্যভবন থেকে শাহবাগের এই সড়কে যান চলাচল সীমিত করে দেয়া হয়েছে।
