সভামঞ্চে খালেদা
নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে সোহরাওয়ার্দী উদ্যানে ১৮দলীয় জোটের জনসভামঞ্চে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
বিকাল ৪টা ৫ মিনিটে তিনি মঞ্চে উঠলে নেতা-কর্মী-সমর্থকরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান। হাস্যোজ্জ্বল খালেদা এ সময় হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।
খালেদা জিয়ার গাড়ি মৎস্যভবন থেকে সোহরাওয়ার্দী উদ্যানে মঞ্চের সামনে আসার সময় মানুষের ভিড় সামলাতে বেগ পেতে হয় নিরাপত্তাকর্মীদের।
এর আগে বেলা সোয়া ২টায় দিকে মহানগর বিএনপির আহবায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে জনসভার কার্যক্রম শুরু হয়।
এই সমাবেশে যোগ দিতে সকাল থেকে হালকা বৃষ্টিতে কর্দমাক্ত উদ্যানে জড়ো হন হাজার হাজার নেতাকর্মী।
ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন শাখার নেতা কর্মীরা সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সংলগ্ন গেইটের সামনে অবস্থান নেয়। পরে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সীমানা দেয়ালের পাশে পশ্চিমমুখী মঞ্চের সামনে অবস্থান নেন তারা।
বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও ১৮ দলীয় জোটের অন্য শরিকরা সমাবেশস্থলে পৌঁছান আরো পরে।
রাজনৈতিক উত্তাপের মধ্যে এই সমাবেশকে ঘিরে উদ্যানের আশেপাশে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। মৎস্যভবন থেকে শাহবাগের এই সড়কে যান চলাচল সীমিত করে দেয়া হয়েছে।
