রাঙামাটিতে বিএনপি-পুলিশ সংঘর্ষে মামলা, আসামি ৩শ’
রাঙামাটি শহরে শুক্রবার বিএনপি ও পুলিশের সংঘর্ষ, ভাংচুর এবং জেলা পরিষদ কার্যালয়ে হামলার ঘটনায় তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। এসব ঘটনায় এক বিএনপিকর্মীকে আটক করেছে পুলিশ।
কোতোয়ালি থানার ওসি সাইফুল আলম চৌধুরী জানান, শনিবার পুলিশের করা এ মামলায় ১১৪ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে। বাকিরা অজ্ঞাত পরিচয়।
সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে শুক্রবার রাতে শহরের ভেদভেদী এলাকা থেকে সবুজ নামের এক বিএনপিকর্মীকে গ্রেপ্তার করা হয়।
মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
ওসি আরো বলেন, বিএনপিসহ ১৮ দলীয় জোট শুক্রবার রাঙামাটি শহরে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে সামনে সমাবেশ করার সময় পুলিশের ওপর হামলা, গাড়ি ভাংচুর ও জেলা পরিষদ কার্যালয়ে ভাংচুর চালায়। ওই ঘটনায় চার পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়।
