চকরিয়ায় ১৪৪ ধারা ভেঙে সংঘাত, গুলিতে নিহত ২
কক্সবাজারের চকরিয়ায় বিএনপি কর্মীরা ১৪৪ ধারা ভেঙে মিছিল করে পুলিশ ও বিজিবির সঙ্গে সংঘর্ষে জড়ালে গুলিতে দুই জন নিহত হয়েছেন।
চকরিয়া থানার ওসি রণজিত কুমার বড়ুয়া জানান, শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলা সদরে এই সংঘর্ষ বাঁধে।
নিহতরা হলেন- চকরিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম বাদশা (২৮) ও কাকারা ইউনিয়নের ছাত্রদলকর্মী মো. মিজান (১৮)।
তাদের লাশ চকরিয়া থানায় রয়েছে বলে ওসি জানান।
সংঘর্ষ চলাকালে সীমান্তরক্ষী বাহিনীর তিন সদস্য আহত হন এবং তাদের একটি গাড়ি ভাংচুর করা হয় বলেও বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘাতের আশঙ্কায় স্থানীয় প্রশাসন শুক্রবার বেলা ১১টা ৪৫ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করে।
এরই মধ্যে বেলা আড়াইটার দিকে বাঁশঘাটা এলাকায় বিএনপির একটি মিছিল হাসপাতাল সংলগ্ন এলাকার দিকে এগোলে পুলিশ ও বিজিবি সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারীরা বিজিবির দিকে ঢিল ছুড়তে থাকে এবং ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী গুলি ছোড়ে।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুলিতে তাদের দুই কর্মী নিহত এবং তিনজন আহত হয়েছেন।
তিনি বলেন, আহতদের মধ্যে পৌর এলাকার ফজল আহমদের ছেলে জমির উদ্দিন (২২), মো, আমিনের ছেলে তোফায়েল (১৮), কাকারা ইউনিয়নের পুলেরছড়া গ্রামের আহমদ কবিরের ছেলে আশেকউদ্দিনকে (২৮) চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিজিবির নাইক্ষ্যংছড়ি ৩১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, “বিএনপিকর্মীদের হামলায় বিজিবির তিন সদস্য আহত হয়েছেন। তারা একটি গাড়িও ভাংচুর করেছে।”
এদিকে সংঘর্ষের পর চকরিয়ার বিভিন্ন পয়েন্টে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিএনপি সমর্থকরা। পরে বিজিবি গেলে তারা সরে যায়।
পৌর এলায় বিজিবি মোতায়েন রয়েছে বলে মেহেদী হাসান জানান।
