২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে সংঘর্ষে শিবিরকর্মী নিহত

নীলফামারীর জলঢাকা উপজেলায় জামায়াত-শিবির ও বিএনপির সঙ্গে পুলিশ ও র‌্যাবের সংঘর্ষে এক শিবিরকর্মী নিহত হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2013, 07:42 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

শুক্রবার বিকেলে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ কমপক্ষে ৫০জন আহত হয়েছে বলে দাবি করা হয়েছে।

এদিকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রংপুর প্রতিনিধিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আব্দুল কাইয়ুম বলেন, “বিকেল সোয়া ৫টায় মোসলেম উদ্দিনকে ভর্তি করা হয়।

“তার মাথা, কোমরে ও ডান পায়ে গুলি লাগে। ৫টা ২৫ মিনিটে মারা যান মোসলেম “

লাশ তার পরিবারের লোকজন নিয়ে গেছে।

তিনি আরো জানান, হাসপাতালের সার্জারি বিভাগে ছাত্রদলকর্মী এনামুল হক(২২), রবিউল ইসলাম (২৩), শিবিরকর্মী মিনহাজুল ইসলাম রবু(২৫), আশরাফুল ইসলাম (২৫), স্বপন মিয়া (২৪) ও জামায়াতকর্মী আহেদুল ইসলাম(৪০)। 

“এদের সবার পায়ে ও পিঠে সর্টগানের গুলি লাগে। তবে সবাই আশঙ্কামুক্ত।”

পিঠে ও পায়ে গুলিবিদ্ধ ছাত্রদলকর্মী এনামুল হক বলেন, “পুলিশ তাদের গুলি করেছে।”

জলঢাকা থানার ওসি মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। এতে চারজন গুলিবিদ্ধ হয়। তাদের একজন মুসলিম উদ্দিন (৩২)হাসপাতালে মারা যান।”

নিহত মুসলিম ডাঙ্গাপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে এবং শিবিরকর্মী বলে জানায় পুলিশ।

ওসি মনিরুজ্জামান জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে জলঢাকা পৌর এলাকার পেট্রোল পাম্প চত্বরে লাঠিসোটা নিয়ে জামায়াত-শিবির ও বিএনপির কর্মীরা সমবেত হয়।

সেখান থেকে মিছিল নিয়ে শহরের দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়।

এ সময় মিছিলকারীরা পুলিশের দিকে ইট-পাটকেল ও ঢিল ছুঁড়তে শুরু করে।

পুলিশি বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ-র‌্যাবের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে।

ঢাকাগামী কয়েকটি বাস ভাংচুর করে আগুন ধরিয়ে দেয় জামায়াত ও শিবির কর্মীরা। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক রাউন্ড টিয়ার শেল, রবার বুলেট ও সাত রাউন্ড গুলিবর্ষণ করে।

সংঘর্ষে পুলিশের চার সদস্য আহত হয়েছে জানালেও তাদের নাম নিশ্চিত করতে পারেননি ওসি।

র্যাবের মিডিয়া উইয়ংএর পরিচালক হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি করার পর ‘র‌্যাব শর্টগারে গুলি ছোঁড়ে’।

অন্যদিকে উপজেলা জামায়াতের আমীর আব্দুল গণি জানান, এক সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় জামায়াত-শিবিরের ৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।