২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ৩ যুবদলকর্মী নিহত, আহত ৫০

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে তিন যুবদলকর্মী নিহত হয়েছেন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2013, 07:40 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

শুক্রবার বিকালে উপজেলা সদরে এ সংঘর্ষে আওয়ামী লীগ ও বিএনপির অন্তত অর্ধশত আহত হন বলে দুদলের স্থানীয় নেতাকর্মীরা জানান।

নিহতরা হলেন উপজেলার খেজুরতলা এলাকার মো. আলিমের ছেলে আরিফ হোসেন (২৩), গাজীপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন (৩০)ও রূপসা ইউনিয়নের আব্দুর রহিমের ছেলে বাবুল হোসেন(৩০)।

জেলার পুলিশ সুপার মোহাম্মদ আমির জাফর তিনজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

এ ঘটনার প্রতিবাদে শনিবার বিএনপি ফরিদগঞ্জ উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।

সংঘর্ষ থামাতে পুলিশ ২৪২ রাউন্ড শর্টগানের গুলি, ২৯ রাউন্ড চায়না পিস্তলের গুলি ও ১১ রাউন্ড টিয়ারগ্যাস ছোঁড়েছে বলে জানান ফরিদগঞ্জ থানার ওসি নাজমুল হক।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আহমেদ হোসেন সুলতান বলেন, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার কিছুক্ষণ পরই আরিফের মৃত্যু হয়।

পুলিশ সুপার জানান, সংঘর্ষে আহত যুবদলকর্মী জাহাঙ্গীর হোসেনকে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। আরেক যুবদল নেতা বাবুল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে রাত ১০টার দিকে তিনিও মারা যান।

নিহত বাবুল উপজেলার রূপসা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন বলে জানান বিএনপির স্থানীয় সাংসদ লায়ন হারুনুর রশীদ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল পৌনে ৫টার দিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে উপজেলা সদরে প্রবেশ করে। এ সময় পুলিশ তাদের বাধা দিলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

এ সময় সেখানে আগে থেকে অবস্থান নেয়া আওয়ামী লীগ নেতাকর্মীরাও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

ঘণ্টাব্যাপী আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের মধ্যে এ সংঘর্ষ উপজেলার টিএন্ডটি রোড, হাসপাতাল রোড ও রায়পুর সড়কে ছড়িয়ে পড়ে।

পুলিশ সুপার জাফর জানান, পরিস্থিতি শান্ত করতে পুলিশকে রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করতে হয়। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি বিজিবিও অবস্থান নিয়েছে।

জেলা বিএনপি সভাপতি মোমিনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষের সময় তাদের ১১ জন নেতাকর্মী গুলিবিদ্ধসহ অন্তত ৫০ জন আহত হয়েছে।

ফরিদগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু শাহেদ সরকার বলেন, সংঘর্ষে তিনিসহ তাদের দলের ১০/১৫ জন আহত হয়েছেন।

ফরিদগঞ্জে শনিবার হরতাল

যুবদলকর্মী নিহত হওয়ার ঘটনায় শনিবার ফরিদগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

উপজেলা বিএনপি সভাপতি স্থানীয় সাংসদ হারুনর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।