ফেনীতে ১৪৪ ধারা
আওয়ামী লীগ ও বিএনপি একই সময়ে সমাবেশ ডাকায় ফেনীর সোনাগাজীতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
শুক্রবার ভোর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার জানান, সোনাগাজী উপজেলা সদরের পৌর এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি একই স্থানে সভা আহ্বান করায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি ও সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
পুলিশ সুপার পরিতোষ ঘোষ দুই পক্ষের সমাবেশের আবেদন প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুই পক্ষকে নিজেদের মধ্যে আলোচনা করে পৃথক স্থানে সমাবেশ করার জন্য বলা হয়েছে। তারা কোন সিদ্ধন্তে পৌঁছাতে না পারলে প্রশাসন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।
এ বিষয়ে ফেনী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নিজাম উদ্দিন হাজারী জানান, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শুত্রবার বিকালে শহরের তিনটি স্থান ট্রাংক রোডে, শহীদ মিনার চত্বর, মিজান ময়দান এবং মহিপালে সমাবেশ আহ্বান করেছে।
অন্যদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জানান, ১৮ দলের পক্ষ থেকে শুক্রবার বিকেলে শহরের ট্রাংক রোডে শহীদ মিনার চত্বরে ও মিজান ময়দানে সমাবেশ করার জন্য অনুমতি চাওয়া হয়েছে এবং পুলিশ সুপারের সাথে দেখাও করা হয়েছে।
