ভারতে সাজা খেটে ফিরেছে ৫ শিশু
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের তুরা জেলার অবজারভেশন হোমস-এ সাজা খেটে দেশে ফিরেছে ৫ শিশু।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শেরপুরের নাকুগাঁও সীমান্ত ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাদেরকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও ভারতীয় পুলিশ বলে জানিয়েছে বিজিবি-র বারোমারী ই-কোম্পানী কমান্ডার অরবিন্দু মন্ডল।
শিশুরা হলো কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জগদল গ্রামের আব্দুল সামাদের ছেলে আক্তার জামান (১৪), বরগুনা সদরের চালিতাতলী গ্রামের মতিন মোল্লার ছেলে সুজন হোসেন (১৫), ফরিদপুরের ভাংগা উপজেলার খামিনারবাগ গ্রামের ওসমান শেখের ছেলে আকাশ হোসেন (১৪), শেরপুরে ঝিনাইগাতি উপজেলার নাচনমহুরী গ্রামের বাবুল মিয়ার ছেলে বাচ্চু মিয়া (১১) ও বাগেরহাটের মংলা উপজেলার সাহেরমাঠ গ্রামের জাকির শেখ এর ছেলে মোস্তাকিম শেখ (১৬। এরা সবাই ঢাকার দক্ষিণখানে পরিবারের সঙ্গে বাস করত।
বিজিবি-র বারোমারী ই-কোম্পানী কমান্ডার অরবিন্দু মন্ডল জানান, গত ফেব্র“য়ারিতে তাদের বন্ধু বাচ্চু মিয়ার বোনের বিয়ের অনুষ্ঠানে শেরপুরে যায় তারা।
“১০ ফেব্রুয়ারি স্থানীয় একজনের প্রতারণার শিকার হয়ে তারা ঝিনাইগাতি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। পরে ভারতের স্থানীয়দের কাছে বিষয়টি জেনে শিশুরা ভারতের পুরাকাশিয়া ক্যাম্পে আত্মসমর্পণ করে।”
অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদেরকে তুড়া অবজারভেশন হোমস-এ তিন মাস রাখার পর ভারত তাদের ফেরত পাঠাতে চাইলেও শিশুদের ঠিকানায় ক্রুটি থাকায় সাড়ে আট মাস পর তারা ফিরলো।
