২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ১৪৪ ধারা ভাঙ্গার ঘোষণা, নিরাপত্তা জোরদার

১৪৪ ধারা অমান্য করে বগুড়ায় জনসভা করার ষোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের পৌরসভার নেতা-কর্মীরা।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2013, 05:08 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

বৃহস্পতিবার সকালে জেলা বিএনপি কার্যালয়ে জোট নেতাদের এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়।

উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা জোরদার করতে বিজিবি মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

সকাল ১১টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম বলেন, “আমরা যে কোনোকিছুর বিনিময়ে ওইদিন ওই স্থানেই সমাবেশ করবোই, করবো। তাতে যত মূল্যই দিতে হয় দিব। কোন ছাড় দিব না।”

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে বিরোধী দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার বিকাল ৩টায় স্থানীয় আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভা করার ঘোষণা দেয়া হয়েছে। অন্যদিকে ‘নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে’ একই স্থানে জনসভার ডাক দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। 

দুই রাজনৈতিক দল পাল্টাপাল্টি কর্মসূচি দেয়ায় আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌরসভা এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন।

১৪৪ ধারা ভাঙ্গার ঘোষণা দেয়ার বিষয়ে বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হচ্ছে। ইতিমধ্যে তিন প্লাটুন বিজিবি চাওয়া হয়েছে। তারা বগুড়ার দিকে রওনা দিয়েছে।   

তিনি বলেন, “আইনতো সকলকেই মানতে হবে। আমরা সেই লক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করছি।”

বগুড়া সদর থানার ওসি সৈয়দ শহীদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইতিমধ্যে বগুড়া সদর থানায় সিসি ক্যামেরা বসিয়ে বালির বস্তা দিয়ে বাঙ্কার তৈরি করে সাব মেশিনগানসহ সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা নেয়া হয়েছে।

পুলিশ সুপার আরো জানান, গত ৩ মার্চ পুলিশ স্টেশনে জামায়াত-শিবিরের হামলার ঘটনা মাথায় রেখেই স্টেশনগুলোতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে।

যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ের পর বগুড়া শহরের বেশকয়েকটি পুলিশ ফাঁড়িতে ভাংচুর ও তাণ্ডব চালায় জামায়াত-শিবির।

সংবাদ সম্মেলনে বিএনপির নেতা-কর্মীরা ছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির শাহাবুদ্দিন, জেলা জাগপা সভাপতি আমির হোসেন মণ্ডল ও ইসলামী ঐক্যজোটের সাধারণ সম্পাদক ওহেদুল ইসলাম।

জয়পুরহাটে ১৪৪ ধারা

শুক্রবার জয়পুরহাট শহরেও একই স্থানে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টপাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত জয়পুরহাট পৌর এলাকায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানান জয়পুরহাট জেলার পুলিশ সুপার হামিদুল আলম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “পৃথক সময়ে দুটি দলের সমাবেশের কথা থাকলেও সংঘাত ও নাশকতার আশঙ্কা রয়েছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। তাই পৌর এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ, মিছিল-মিটিং, বিক্ষোভ, গণজাময়েত নিষিদ্ধ করে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।”

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকালে জয়পুরহাট শহরের জিরো পয়েন্টে সমাবেশ ডেকেছে জেলা বিএনপি। একই স্থানে বিকালে সমাবেশ ডাকে জেলা আওয়ামী লীগ।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে শুক্রবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি রয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের। বিভিন্ন স্থানে পাল্টা কর্মসূচি দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। 

পুরনো খবর:

বগুড়া পৌরসভায় ১৪৪ ধারা