২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া পৌরসভায় ১৪৪ ধারা

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট ও আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা একই স্থানে একই সময় কর্মসূচি দেয়ায় বগুড়া পৌরসভায় ৪৮ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।  

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2013, 12:32 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

বগুড়ার জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস জানান, পৌর এলাকায় আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।     

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ১৮ দলীয় জোটের পক্ষ থেকে শুক্রবার বিকালে আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভা করার ঘোষণা দেয়া হয়। অন্যদিকে, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে’ একই স্থানে জনসভা ডাকে বগুড়া আওয়ামী লীগ।

বগুড়া সদর থানার ওসি সৈয়দ শহিদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে পৌর  এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। তাই প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।”

স্থানীয়রা জানান, কর্মসূচি সফল করতে দু’পক্ষই মাইকিংসহ বিভিন্নভাবে প্রচার চালিয়ে আসছিল। এ নিয়ে বাসিন্দাদের মধ্যে উৎকন্ঠাও রয়েছে।