মামলা মাথায় সংবাদ সম্মেলনে মুফতি ফয়জুল্লাহ
পুলিশ কর্মকর্তা হত্যা, ভাংচুর ও অগ্নিসংযোগের ১৫টি মামলার আসামি হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মুফতি ফয়জুল্লাহ অংশ নিলেন ইসলামী ঐক্যজোটের সংবাদ সম্মেলনে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর লালবাগে ঐক্যজোটের কার্যালয়ে আসার পর বক্তব্য দিয়েই তড়িঘড়ি উঠে যান এই হেফাজত নেতা।
বেলা ১১টা ২০মিনিটে সংবাদ সম্মেলন শুরুর সময় ঐক্যজোটের সহ-সভাপতি আবুল হাসানত আমিনী, যুগ্ম মহাসচিব আব্দুল করিম, কেন্দ্রীয় নেতা যোবায়ের আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শাখাওয়াত হোসেন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আহদুল্লাহ ওয়াসেল সেখানে উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতাদের নাম ঘোষণা শুরুর ঠিক আগ মূহুর্তে হঠাৎ সেখানে হাজির হন ইসলামী ঐক্যজোটের মহাসচিব ফয়জুল্লাহ।
নেজামীর বক্তব্য শেষ হওয়ার পর ফয়জুল্লার কাছে সাংবাদিকরা জানতে চান, মতিঝিলে হেফাজতের তাণ্ডবের ঘটনায় তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো শেষ হয়েছে কি না।
ওই প্রশ্নের জবাব এড়িয়ে গিয়ে তিনি বলেন, “ইসলামী ঐক্যজোট সব সময় শন্তিপূর্ণ আন্দোলন করে থাকে। আশা করি, সরকার আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিগুলোর বিষয়ে বুঝবে।”
সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকরা নিজেদের আসন থেকে উঠতে না উঠতেই সেখান থেকে বেরিয়ে যান মুফতি ফয়জুল্লাহ।
মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আবু ইউসুফ জানান, গত ৫ মে মতিঝিলে হেফাজতে ইসলামীর ভাংচুর, অগ্নিসংযোগ ও পুলিশ কর্মকর্তা খুনের ঘটনায় পল্টন থানায় ১০টি ও মতিঝিল থানায় পাঁচটি মামলা হয়। সবগুলোতোই মুফতি ফয়জুল্লাহ আসামি।
এতোগুলো গুরুতর মামলা মাথায় নিয়ে হেফাজত নেতার সংবাদ সম্মেলনে আসার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার মো. আশরাফুজ্জামান বলেন, “বিষয়টি আমার জানা নেই। তিনি (ফয়জুল্লাহ) লালবাগ ডিভিশনে সংবাদ সম্মেলন করেছেন।”
বিরোধী দলীয় জোটের শরিক ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মো. আবদুল লতিফ নেজামী সংবাদ সম্মেলনে বলেন, “সংকট উত্তরণে ১৮ দলের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে প্রস্তাব পেশ করেছেন তা সময়োপযোগী চিন্তার বহিঃপ্রকাশ।”
শুক্রবার বিরোধী দলীয় জোটকে রাজধানীতে সমাবেশ করার অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
