সাকার স্ত্রীর আবেদনে মালুমকে বার কাউন্সিলের নোটিস
পেশাগত আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুমকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল।
তার আইনজীবী সনদ বাতিলে সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রীর করা একটি আবেদনে কাউন্সিল বৃহস্পতিবার এই নোটিস দেয়।
বার কাউন্সিলের ভারপ্রাপ্ত সেক্রেটারি মো. আফজাল-উর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রাইব্যুনাল-১ এ প্রসিকিউটর হিসাবে দায়িত্বপালনকালে পেশাগত আচরণবিধির ‘মারাত্মকভাবে লঙ্ঘনের’ অভিযোগ এনেছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী।
তিনি জানান, ওই আবেদনে প্রসিকিউশন পক্ষে সাক্ষীদের ‘ম্যানুপুলেট’ করা, কথিত স্কাইপ কথোপকথনে সহায়তা, বিচারকের সঙ্গে ‘গোপন সম্পর্ক’ রাখা ইত্যাদি অভিযোগ আনা হয়েছে।
“এ বিষয়ে আমরা জেয়াদ আল মালুমকে নোটিস দিয়েছি। ৭ নভেম্বরের মধ্যে নোটিসের জবাব দিতে বলা হয়েছে। যথাসময়ে নোটিসের জবাব না দিলে বা জবাব সন্তোষজনক না হলে বার কাউন্সিল বিধি অনুসারে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।”
নোটিস পাওয়ার পর জেয়াদ আল মালুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে সব অভিযোগে ওই আবেদন করা হয়েছে, সেগুলোর সবই মীমাংসিত। এ সব অভিযোগ তারা ট্রাইব্যুনালেও করেছিল এবং তা খারিজ হয়ে গিয়েছিল।
এ বিষয়ে ‘যথা সময়ে যথাযথ পদক্ষেপ’ নেয়া হবে বলেও উল্লেখ করেন মালুম।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে গত ১ অক্টোবর ফাঁসির আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই মামলায় প্রসিকিউশনের পক্ষে লড়েন জেয়াদ আল মালুম।
