বিজিবি নামছে ঢাকা, নারায়ণগঞ্জে
প্রধান দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচি এবং সভা সমাবেশে নিষেধাজ্ঞার মধ্যেই বিজিবি নামছে ঢাকা ও নারায়ণগঞ্জের রাস্তায়।
সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মহসীন রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর বিজিবির টহল শুরু হবে।
বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ঢাকায় শুক্রবারের সমাবেশ করার জন্য দা-কুড়াল নিয়ে কর্মীদের প্রস্তত থাকতে বলার পর আওয়ামী লীগও মাঠে থাকার ঘোষণা দেয়। এ নিয়ে জনমনে উদ্বেগ সৃষ্টির প্রেক্ষাপটে রাজধানীতে অনির্দিষ্টকালের জন্য সভা সমাবেশ নিষিদ্ধ করে পুলিশ।
একই কারণে চট্টগ্রাম, খুলনা ও বরিশালেও সভা সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। আইন-শৃঙ্খলার অবনতি ঠেকাতে চট্টগ্রামে সকাল থেকেই বিজিবির টহল শুরু হয়েছে।
