ফেনী কারাগার থেকে চার ভারতীয়ের মুক্তি
দীর্ঘদিন সাজা ভোগের পর ফেনী কারাগার থেকে চার ভারতীয় নাগরিক মুক্তি পেয়েছেন।
বুধবার দুপুরে ফেনীর পরশুরামের বিলোনীয়া সীমান্ত দিয়ে বিজিবির মাধ্যমে তাদের বিএসএেফর কাছে হস্তান্তর করা হয় বলে কারা কর্তৃপক্ষ জানায়।
এরা হলেন মানিক বণিক, সঞ্জীব দাশ, দীপক দাশ ও উত্তম বসাক।
ফেনী জেলা কারাগারের জেলার দিদারুল আলম জানান, ২০০৪ সালের ১৮মে তৎকালীন বিডিআর (বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) ভারতীয় নাগরিক মানিক বণিক, সঞ্জীব দাশ ও দীপক দাশকে চোরাচালানির দায়ে খাগড়াছড়িতে আটক করে।
একই অভিযোগে ২০০৭ সালের ২৫ এপ্রিল আটক করে উত্তম বসাক নামে অপর ভারতীয়কে।
সাজা ভোগ শেষে গত রোববার (২০ অক্টোবর) খাগড়াছড়ির একটি আদালত তাদের মুক্তির নির্দেশ দেয়।
পরে খাগড়াছড়ি কারাগার কর্তৃপক্ষ এ চার ভারতীয়কে ফেনী কারাগারে স্থানান্তর করে। ফেনী কারাকর্তৃপক্ষ বুধবার দুপুরে বিজিবির মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে তাদের হস্তান্তর করে।
