সমাবেশ হবেই: খসরু
চট্টগ্রামে সভা-সমাবেশের ওপর পুলিশ নিষেধাজ্ঞা জারি করলেও ২৫ অক্টোবর লালদীঘি ময়দানে সমাবেশ করার সিদ্ধান্তে অনড় রয়েছে বিএনপি।
চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা নিয়মতান্ত্রিক কর্মসূচি ঘোষণা করেছি। কর্মসূচি হবেই।”
সমাবেশ করলে নিষেধাজ্ঞা ভঙ্গ হবে কি না জানতে চাইলে তিনি বলেন, “কী হবে সেটা জানি না। তবে গণতান্ত্রিক অধিকার রক্ষায় জনগণ প্রতিবাদ-প্রতিরোধসহ যা করার সবই করবে।”
আগামী ২৫ অক্টোবর নগরীর লালদীঘি ময়দানে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি জনসভা আহ্বানকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকে নগরীতে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে পুলিশ।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন।
এ বিষয়ে আমীর খসরু বলেন, “আওয়ামী লীগ আগে সংবিধান ব্যবহার করে ভোট চুরি করেছে। এখন জনগণের সভা-সমিতির অধিকার কেড়ে নিয়েছে।
“গণবিচ্ছিন্ন্ হয়ে সরকার প্রশাসনকে ব্যবহার করে নিজেদের শেষ রক্ষার চেষ্টা করছে। এভাবে কেউ কোনো দিন রক্ষা পায়নি।”
এদিকে নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে সন্ধ্যায় নগরীর ওয়াসার মোড়ে সমাবেশ করেছে বিএনপি।
ওই সমাবেশে আমীর খসরু বলেন, “লালদীঘি ময়দান রাজনৈতিকভাবে ঐতিহাসিক একটি স্থান। সেখানে আজও আওয়ামী লীগ জনসভা করেছে। আমরা কেন পারব না।”
এ সময় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার ও কেন্দ্রীয় মাহবুবুর রহমান শামীম বক্তব্য দেন।
