২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিষেধাজ্ঞা না তুললে কঠোর কর্মসূচি: নোমান

চট্টগ্রামে সভা-সমাবেশের ওপর  নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচির হুমকি দিয়েছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2013, 07:13 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

প্রধান দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণায় রাজনৈতিক সংঘাতের আশঙ্কায় বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম নগরীতে সভা-সমাবেশের ওপর এই নিষেধাজ্ঞা জারি করে পুলিশ।

এরপর বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এ প্রতিক্রিয়া জানান।

অন্যদিকে আওয়ামী লীগ বলেছে, দলীয় সভা করে ২৫ অক্টোবরের কর্মসূচি বিষয়ে সিদ্ধান্ত নেবে তারা।

চট্টগ্রাম থেকে দুই বার নির্বাচিত সাবেক সাংসদ নোমান সন্ধ্যায়  এক বিবৃতিতে বলেন, “ সভা-সমাবেশ আমাদের গণতান্ত্রিক অধিকার। প্রশাসন সভা-সমাবেশ নিষিদ্ধ করে আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে।”

আগামী ২৫ অক্টোবর নগরীর লালদীঘি ময়দানে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি জনসভা আহ্বানকে কেন্দ্র করে বিকালে নগরীতে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে পুলিশ।

বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম জানান।

সাবেক মন্ত্রী নোমান বলেন,  বিএনপি আগেই লালদীঘি ময়দানে সমাবেশ করার অনুমতি নিলেও আওয়ামী লীগ সেখানে সমাবেশ ডেকেছে।

“বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তারা রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার অপচেষ্টা চালাচ্ছে।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

২৫ অক্টোবর লালদীঘি ময়দানে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিতে পুলিশের প্রতি আহ্বান জানান তিনি। 

বুধবার বিকালে এই নিষেধাজ্ঞার ঘোষণা যখন আসে তখন চট্টগ্রাম নগর পুলিশের (সিএপি) সদর দপ্তর সংলগ্ন লালদীঘি মাঠে নগর যুবলীগ আয়োজিত যুব সমাবেশে ছিলেন নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীসহ শীর্ষ নেতারা।

সমাবেশ শেষে নিষেধাজ্ঞার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে  মহিউদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওরা (পুলিশ) বলেছে, আমরা শুনেছি। এবার আমরা চিন্তা ভাবনা করে দেখি।

“আমরা বসে সিদ্ধান্ত নেব। তারপর জানাব।”

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল  বলেন, “আজ রাতেই সিনিয়র নেতাদের নিয়ে সভা হবে। সভায় এ বিষয়ে করণীয় ঠিক করা হবে।”

গত রোববার দুপুরে সংবাদ সম্মেলন করে নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী বিরোধী দলের ‘হুমকি’র প্রতিবাদে ২৪ ও ২৫ অক্টোবর লালদীঘিতে জনসভার ঘোষণা দেন।

ওইদিনই কয়েক ঘণ্টা পর নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় ২৪ ও ২৫ এর পরিবর্তে ২৫ ও ২৬ অক্টোবরে লাল দীঘি ময়দানে জনসভার সিদ্ধান্ত হয়।

রোববার বিকালেই নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীও ২৫ অক্টোবর লালদীঘিতে সমাবেশ করার ঘোষণা দেন। 

আমীর খসরু ওইদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২৪, ২৫ ও ২৬ অক্টোবর লালদীঘি মাঠে সমাবেশ করার অনুমতি নিয়েছেন তারা।

পুরনো খবর:

চট্টগ্রামেও সমাবেশ নিষিদ্ধ