ফরিদপুরে সংঘর্ষে নিহত ১
ফরিদপুরের সদরপুর উপজেলায় বাড়ির সীমানার ঘেরা নির্মাণ করা নিয়ে দুপক্ষের সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। আহত হন একজন।
বুধবার সকালে চরমানাইর ইউনিয়নের চর আড়িয়াল খাঁ গ্রামে এ সংঘর্ষে নিহত ওমর আলী মুন্সী (৫০) ওই গ্রামের বাসিন্দা।
সংঘর্ষে ওমর আলীর ছেলে জাফর মুন্সী (৩৫) আহত হয়েছেন। তাকে প্রথমে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
চরমানাইর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম জানান, ওমর আলী মুন্সীর সঙ্গে বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী নুরু মুন্সীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
সকাল ১১টার দিকে ওমর আলী মুন্সী ও তার ছেলে জাফর মুন্সী বিরোধপূর্ণ জমিতে বাঁশ দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করতে যান। এ সময় প্রতিপক্ষ নুরু মুন্সী (৪৮) লোকজন নিয়ে বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে মাথায় লাঠির আঘাতে ঘটনাস্থলেই ওমর আলী মুন্সী নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ আলী বিশ্বাস বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
