৩ মামলায় বিএনপি নেতা মিলনের জামিন
চাঁদপুরে হরতালে পুলিশের ওপর হামলা ও যানবাহন ভাংচুরের তিন মামলায় জামিন পেয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
বুধবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চে হাজির হয়ে মিলন জামিন চাইলে আদালত তা মঞ্জুর করে।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও এস এম মুনীর। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তাকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
পরে মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, মিলনসহ ১৬৭ জনকে হাই কোর্ট জামিন দিয়েছে।
কচুয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি দেলোয়ার হোসেন দুলাল কারাবন্দি অবস্থায় শুক্রবার কুমিল্লার একটি হাসপাতালে মারা যায়। এর প্রতিবাদে শনিবার কচুয়া উপজেলায় হরতাল করে বিএনপি।
ওই হরতালে সংঘর্ষের ঘটনায় মিলনসহ বিএনপির কয়েকশ’ নেতাকর্মীর বিরুদ্ধে তিনটি মামলা করে পুলিশ।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, চলাচলে বিঘ্ন সৃষ্টি, পুলিশের কাজে বাধা, পুলিশের ওপর হামলা এবং যানবাহন ভাংচুরের অভিযোগে শনিবার রাতে কচুয়া থানায় এসব মামলা করা হয়।
তিনি জানান, তিনটি মামলায়ই মিলনসহ ১৪/১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরো তিন থেকে সাড়ে তিনশ’ ব্যক্তিকে আসামি করা হয়েছে।
হরতালের সময় কচুয়ার তেঘুরিয়া এলাকায় বিএনপি কর্মীরা সড়ক অবরোধ করে যানবাহন ভাংচুরের চেষ্টা চালায়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ঢিলও নিক্ষেপ করে।
এক পর্যায়ে উভয়পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় আট পুলিশসহ অন্তত ১৫ জন আহত হন। পরে রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
