২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষি-শিল্পে স্বাবলম্বী হতে হবে: প্রধানমন্ত্রী

স্বনির্ভর বাংলাদেশ গড়তে কৃষি ও শিল্পে স্বাবলম্বী হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2013, 02:44 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

তিনি বলেন, “মুক্তিযুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। আমরা কারো কাছে মাথা পাততে চাই না। মাথা তুলে চলতে চাই। এটা তখনই সম্ভব যখন আমরা কৃষি ও শিল্পে সাবলম্বী হবো।”

বুধবার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কমপ্লেক্স উদ্বোধনের পর শেখ হাসিনা বলেন, “সময়োপযোগী ও লাগসই কৃষি প্রযুক্তি উদ্ভাবন করে সেগুলো কৃষকের কাছে পৌঁছে দিতে হবে। কৃষক যাতে সময়মত কৃষি উপকরণ পায় এবং উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় তা নিশ্চিত করতে হবে।”

স্কুল শিক্ষার্থীদের কৃষি কাজের প্রতি আগ্রহী করে গড়ে তোলার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “একজন কৃষকের ছেলে লেখপড়া শিখে আর মাঠে নামতে চায় না। একবার ফুলপ্যান্ট পরে তারপর লুঙ্গি পরে মাঠে নামতে চায় না।”

কৃষিবিদদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, “আপনারা একেক এলাকায় গিয়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে মাঠে নামতে পারেন।”

“কোনো কাজই ছোট না। কৃষক খাদ্য উৎপাদন না করলে তো খাদ্য পাবো না। আমাদের তো কৃষকদের সালাম জানানো উচিত।”

১৯৯৭ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার নামমাত্র মূল্যে খামার বাড়ির পাশে কৃষিবিদ ইনস্টিটিউশনকে এক একর আয়তনের এই জমি বরাদ্দ দেয়। এবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় এসে এখানে ভবন নির্মাণের জন্য অর্থ বরাদ্দ দেয়। ২০১২ সালের মার্চে শেখ হাসিনা এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে এই প্রকল্পে তাদের কোনো ধরনের সহয়তা না দেয়ার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “আমি বিরোধীদলীয় নেত্রীকে ধন্যবাদ জানাই, তার সময়ে সহযোগিতা না করার জন্য। তা না হলে আমি এই ভবন উদ্বোধন করতে পারতাম না।”

কোনো স্থাপনা না করার শর্তে একই এলাকায় এক দশমিক ২৯ একর জমি বাংলাদেশ কৃষিবিদ ইন্সটিটিউটকে দেয়ার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এখানে কোনো স্থাপনা হবে না। বৃক্ষ ও কৃষি প্রদর্শনীর জন্য সংরক্ষিত থাকবে।”

এছাড়া উপ-সহকারি কৃষি কর্মকর্তার পদকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করারও ঘোষণা দেন  প্রধানমন্ত্রী।

কৃষকদের উন্নয়নে ১৯৭২ সাল থেকে আওয়ামী লীগ সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “স্বাধীনতার পরপরই তিনি (বঙ্গবন্ধু) ভূমি সংস্কারে হাত দেন।তিনি ১০০ বিঘা পর্যন্ত জমির মালিকানার সিলিং নির্ধারণ করেছিলেন। ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করেন।”

কৃষি শিক্ষায় মেধাবী ছাত্র-ছাত্রীদের আকর্ষণ করার জন্য বঙ্গবন্ধু ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা দিয়েছিলেন বলে জানান তার মেয়ে।

“কৃষির সাথে সংশ্লিষ্ট সকল সংস্থার আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করেছিলেন জাতির পিতা। তিনি উদ্যান উন্নয়ন বোর্ড, বীজ প্রত্যয়ন এজেন্সি, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনসহ বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন,” বলেন শেখ হাসিনা।

জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ন ও কলকারখানা স্থাপনের ফলে দেশে কৃষি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। এই দ্বিমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় অল্প জমি থেকে বেশি পরিমাণ খাদ্য উৎপাদন করা যায় সেজন্য কৃষিবিদদের গবেষণায় মনোনিবেশের আহবান জানান প্রধানমন্ত্রী।

সরকার প্রধান বলেন, কৃষি বিজ্ঞানীরা এ যাবত বিভিন্ন ফসলের চারশ’রও বেশি উন্নত এবং খরা, লবণাক্ততা ও জলমগ্নতাসহিষ্ণু জাত উদ্ভাবন করেছেন। উদ্ভাবন করেছেন লাগসই প্রযুক্তি, কৃষি যন্ত্রপাতি এবং চাষাবাদের কলাকৌশল।

কৃষিবিদদের উদ্দেশ্যে ‍তিনি বলেন, “আপনাদের উদ্ভাবন, সরকারের সহায়তা এবং কৃষকের পরিশ্রমের ফলেই আজকে দেশ খাদ্য উৎপাদনে স্বয়ং-সম্পূর্ণতা অর্জন করতে পেরেছে। এ কৃতিত্ব শুধু সরকারের একার নয়, এ কৃতিত্ব আপনাদের এবং এদেশের কৃষক সমাজের।”

২০০৮-০৯ অর্থবছরে যেখানে খাদ্যশস্যের উৎপাদন ছিল ৩৩৩ লাখ মেট্রিক টন, ২০১২-১৩ অর্থবছরে তা প্রায় ৩৭৩ লাখ মেট্রিক টনে উন্নীত হয়েছে।

বিগত সাড়ে চার বছরে কৃষিতে প্রায় ২৪ হাজার কোটি টাকা ভর্তুকি দেয়া হয়েছে। প্রায় ৪৬ হাজার কোটি টাকা কৃষি ঋণ বিতরণ করা হয়। বর্গাচাষীদের মধ্যে নামমাত্র সুদে কৃষি ঋণ বিতরণ করা হচ্ছে। তাদের জন্য মাত্র দশ টাকায় ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা করা হয়েছে।

শেখ হাসিনা বলেন, কৃষি বিজ্ঞানীদের চাকরির বয়স বাড়ানোর বিষয়টি  সরকারের  বিবেচনায় রয়েছে।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের ১৭ বিলিয়ন ডলার রিজার্ভ রয়েছে। কোনো প্রাকৃতিক দুর্যোগে তিন মাসের খাদ্য কিনতে ছয় বিলিয়ন ডলার দরকার।”

প্রধানমন্ত্রী খাদ্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে তুলতে কৃষিবিদদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

কৃষিবিদ ইন্সটিটিউশনের সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে  কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বক্তব্য দেন।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মোবারক আলী।

অনুষ্ঠানস্থলে পৌঁছেই প্রধানমন্ত্রী কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ কমপ্লেক্সের উদ্বোধন করেন। এরপর একটি আম গাছের চারা রোপণ করেন তিনি।

অনুষ্ঠানস্থল থেকেই  শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘কৃষকরত্ন শেখ হাসিনা হল’ এবং ‘নবাব সিরাজুদ্দৌলা হল’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।