খন্দকার মাহবুবের বিরুদ্ধে নোটিসের জবাব ২০ নভেম্বর
বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে নোটিসের লিখিত জবাব দাখিলের জন্য আগামী ২০ নভেম্বর দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল।
মঙ্গলবার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ টাইব্যুনাল এই আদেশ দেন।
সোমবার খন্দকার মাহবুবের পক্ষে জবাব দেয়ার জন্য চার সপ্তাহ সময় চেয়ে আবেদন জমা দেয়ার পরদিন তার আইনজীবী জয়নাল আবেদীনের উপস্থিতিতে দিন ঠিক করলেন বিচারকরা।
ট্রাইব্যুনালে সময় বাড়ানোর আবেদনের বিরোধিতা করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন। এসময় ট্রাইব্যুনালে বিপুলসংখ্যক বিএনপিপন্থী আইনজীবী উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন কাদের চৌধুরীর যুদ্ধাপরাধ মামলার রায় নিয়ে মন্তব্যের কারণে গত ৬ অক্টোবর বার কাউন্সিলের সহ-সভাপতি খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না- তা জানতে চেয়ে নোটিস জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুবকে আদালতে উপস্থিত না হয়েই ২১ অক্টোবর ওই নোটিসের লিখিত জবাব দিতে আদেশ দেয় আদালত।
হত্যা ও গণহত্যার মতো মানবতাবিরোধী অপরাধের নয়টি অভিযোগ প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরকে মৃত্যুদণ্ড দেয়ার পরদিন সুপ্রিম কোর্ট মিলনায়তনে সংবাদ সম্মেলন করে প্রতিক্রিয়া জানায় বিএনপির আইনজীবী নেতারা।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন ওই সংবাদ সম্মেলনে বলেন, “এই বিচারটি একটি প্রহসনের বিচার, রাজনৈতিক প্রতিহিংসার বিচার। ইনশাল্লাহ জাতীয়তাবাদী শক্তি যদি ক্ষমতায় আসে, সত্যিকার অর্থে যারা যুদ্ধাপরাধী, তাদের বিচার হবে এবং নির্দোষ ব্যক্তিরা প্রতিহিংসার জন্য যাদের বিচার করা হয়েছে, কাল্পনিক গল্প দিয়ে যে মামলা তৈরি করা হয়েছে, অবশ্যই সেটা চলে যাবে। যারা এই প্রহসনের বিচারে সম্পৃক্ত ছিল, ইনশাল্লাহ বাংলার মাটিতে তাদেরও বিচার হবে।”
এরপর ৩ অক্টোবর খন্দকার মাহবুবের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে তার বিরুদ্ধে নোটিস জারির আবেদন করে ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
একইসঙ্গে খন্দকার মাহবুব হোসেনের কোনো বক্তব্য থাকলে তাকে হাজির হয়ে ব্যাখ্যা দেয়ার জন্যও আদেশ চাওয়া হয়।
