২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ৫ মামলায় হারুণ ইজাহার আসামি

মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশের দিন সহিংসতার ঘটনায় মতিঝিল ও পল্টন থানার পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে মুফতি হারুণ ইজাহারকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2013, 08:23 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এ সংক্রান্ত কাগজ এসেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জেলার রফিকুল কাদের।

তিনি বলেন, গত ৫ মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরের ঘটনায় পল্টন থানায় তিনটি ও মতিঝিল থানায় দুইটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর কাগজ ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে সোমবার বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে।

পল্টন থানার মামলার মধ্যে রাষ্ট্রদ্রোহ, বিস্ফোরক দ্রব্য ও পুলিশের কর্তব্য কাজে বাধা দেয়ার ঘটনায় মামলা রয়েছে বলে জানান চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার রফিকুল কাদের।    

হেফাজত নেতা মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী পরিচালিত জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় ৯ অক্টোবর হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি হারুণ বিন ইজাহারকে তার এক সহযোগীসহ গ্রেপ্তার করা হয়।

বিস্ফোরণের ঘটনার পর হেফাজত ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম, তার ছেলে মুফতি হারুণ বিন ইজাহারসহ ১২ জনের নাম উল্লেখ করে বিস্ফোরক আইনে ও মুফতি ইজাহারুল ইসলাম, তার ছেলে হারুণ বিন ইজাহারকে আসামি করে বিস্ফোরক ও এসিড আইনে পৃথক দুইটি মামলা হয়।

এছাড়া বিস্ফোরণে নিহতের ঘটনায় মুফতি ইজাহার, তার ছেলে হারুণ ইজাহারসহ সাতজনকে আসামি করে অপর একটি হত্যা মামলাও করে পুলিশ।