২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে আগুন, হুড়োহুড়িতে আহত ৫

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2013, 02:43 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে আড়াইশ’ শয্যার এ হাসপাতালের তৃতীয় তলার একটি স্টোর রুমে আগুন ধরে।

খবর পেয়ে অগ্নিনির্বাপক বাহিনীর দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে চক্ষু বিভাগের স্টোর রুমের কাঠের সেলফসহ কিছু কাগজপত্র পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দরজা বন্ধ থাকা স্টোর রুম ও শৌচাগার থেকে ধোঁয়া বেরুতে দেখে সেবিকাসহ সবাই দৌঁড়ে নিচে নেমে যায়। এর মধ্যে পুরো তিনতলা ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মুস্তফা কামাল জানান, আগুন ধরার সঙ্গে সঙ্গে নিরাপত্তার স্বার্থে সামনের রাস্তা বন্ধ করে দেয়া হয়। তৃতীয় তলা থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ৫ জন আহত হয়।

তিনি বলেন, “অগ্নিনির্বাপক বাহিনী এসে আগুন নিয়ন্ত্রনে আনার পর হাসপাতালের পরিবেশ স্বাভাবিক হয়।”

অগ্নিনির্বাপক বাহিনীর ফায়ারম্যান জহিরুল ইসলাম জানান, সিগারেটের আগুন থেকে আগুন ধরে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।