রংপুরে অপহৃত ঢাবি ছাত্র উদ্ধার, আটক ১
অপহরণের সাড়ে ছয় ঘণ্টা পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহাবুব-ই-রব্বানী বিপ্লবকে উদ্ধার করেছে র্যাব। এ সময় অপহরণকারী সন্দেহে সোহান হাসনাত রোহান নামে এক যুবককে আটক করা হয়।
রোববার সন্ধ্যা ৭টায় রংপুর নগরীর বনানীপাড়া থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র বিপ্লবকে অপহরণ করা হয়। রাত দেড়টায় নগরীর বাবুখাঁ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
সোমবার বেলা ৩টায় র্যাব-৫ রংপুর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে বিষয়টি সাংবাদিকদের জানানো হয়।
র্যাবের কোম্পানি কমাণ্ডার লে. কমাণ্ডার মোতাহের হোসেন সাংবাদিকদের জানান, নগরীর বনানীপাড়ার বাবুল মিয়ার ছেলে বিপ্লবকে অপহরণ করে চার সন্ত্রাসী।
পরে তারা ০১৭২৩৩৩১৬১৩ নম্বর থেকে ফোন করে বিপ্লবের পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা নিয়ে বাবু খাঁ এলাকায় একটি পরিত্যক্ত বাড়ির পাশে যেতে বলে।
এরপর র্যাব ওই এলাকায় অভিযান চালিয়ে বিপ্লবকে উদ্ধার করে। তিন সন্ত্রাসী পালিয়ে গেলেও রোহানকে আটক করা হয়, বলেন তিনি।
এ ব্যাপারে বিপ্লবের মামা বাদী হয়ে রোহানসহ চার জনের নামে কোতোয়ালি থানায় অপহরণ মামলা করেন বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
মাহাবুব-ই-রব্বানী বিপ্লব জানান, ঈদের ছুটিতে বাড়ি আসেন তিনি। সন্ধ্যায় বাড়ির সামনের সড়কে হাঁটাহাঁটি করার সময় দুটি মোটরসাইকেলে আসা চার যুবক তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
