সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বাসকে পিছন থেকে আরেকটি বাস ধাক্কা দেয়ায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছে।
নিহত শাহরুম (১৮) ঝালকাঠি জেলার বাঁশবুনিয়া গ্রামের লতিফ হাওলাদারের ছেলে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সকালে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে উপ-পরিদর্শক (এসআই) আনোয়ারুল হক জানান।
তিনি বলেন, সকালে চাঁদপুর থেকে চট্টগ্রামমুখী এশিয়া লাইন সার্ভিসের একটি বাস ঢাকা থেকে চট্টগ্রামগামী ইউনিক সার্ভিসের একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয়।
আহতদের মধ্যে মো. রাসেল (২৫), রত্না বেগম (২০), কাউসার (৩০), মহসিন (২৫), রিমা আকতার (২০), মাহবুব (৩০), সাইফুল ইসলাম (২৫), শারমিন আক্তার (২০), নাসরিন (২২), বিল্লাল (৫০), মনজুল আলম (৩০), জাহিদ হাসান (১৫), মো. জাহিদ (১০), মারিয়ার (৩) পরিচয় জানাতে পেরেছে পুলিশ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক সাইফুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে নারী ও শিশুসহ আহত ২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
