২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনাগাজীতে ছাত্রদল-যুবদলের ১৭৬ জনের বিরুদ্ধে মামলা

ফেনীর সোনাগাজীতে পুলিশের ওপর হামলার অভিযোগে ছাত্রদল ও যুবদলের ১৭৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2013, 08:38 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

শনিবার বিকালে পুলিশের সঙ্গে বিএনপির এ দুই অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষের পর রাতেই সরকারি কাজে বাধা ও বিস্ফোরকদ্রব্য আইনে মামলাটি দায়ের করা হয়।

ঘটনায় জড়িত সন্দেহে রাতে ছয়জনকে আটক করা হলেও যাচাই বাচাই শেষে দুজনকে ছেড়ে দিয়ে বাকি চারজনকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানো হয়।

সোনাগাজী মডেল থানার ওসি সুভাস চন্দ্র পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলার ঘটনায় ছয়জনকে আটক করা হলেও ছাত্রলীগ নেতারা দুজনকে নিজেদের কর্মী দাবি করে ছাড়িয়ে নিয়ে যায়। বাকিদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, গত শনিবার ছাত্রদল ও যুবদলের একটি মিছিল থেকে চালানো হামলায় তিনিসহ পু্লিশের আট কর্মকর্তা আহত হন। মিছিলকারীরা ১৫টি হামবোমার বিস্ফোরণ ঘটায়।

এসআই মো. শাহ কামাল বাদী হয়ে দায়ের করা মামলায় উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খুরশিদ আলম ভুঁঞা, পৌর যুবদলের সভাপতি সিরাজুল হক, যুবদল নেতা এনামুল হক, মেজবাহ উদ্দিন, নিজাম উদ্দিন, জসিম উদ্দিন, মো. আবদুল্লাহ, মো. জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন, মহি উদ্দিনসহ ১০৬ জনের নাম উল্লেখ করে এবং আরা ৭০ জনকে অজ্ঞাত দেখিয়ে মোট ১৭৬ জনকে আসামি করা হয়।

এদিকে শনিবারের সংঘর্ষে পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের হামলায় নিজেদের বেশকিছু নেতাকর্মী আহত হওয়ার প্রতিবাদে পরদিন ওই উপজেলায় হরতাল আহ্বান করা হলেও রাতে তা প্রত্যাহার করে নেয় যুবদল।

সংঘর্ষের সময় নিজেদের দলীয় কার্যালয়ে হামলা ও ভাংচুরের অভিযোগ তুলে রোববার প্রতিবাদ সভা ও মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগ।