১৬ টাকা বাকি, ঝগড়া থেকে সংঘর্ষে নিহত ১
দোকানে বাকির ১৬ টাকা নিয়ে ঝগড়ার জেরে দুই পক্ষের সংঘর্ষে শেরপুর সদর উপজেলায় একজন নিহত হয়েছেন।
শনিবার রাতে এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
নিহত সোবাহান আলী (৩২) সদর উপজেলার তিলকান্দি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
আহতদের শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার উপ পরিদর্শক আমিনুর রহমান জানান, তিলকান্দি গ্রামের দোকানদার গোলাপ হোসেন ৭ দিন আগে বাকিতে নেয়া একটি কোমলপানীয়র পাওনা ১৬ টাকা চায় প্রতিবেশী আব্দুস সালামের কাছে।
সালাম অনেক আগেই টাকা পরিশোধ করা হয়েছে দাবি করলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে গ্রামের বাসিন্দা জনমিয়া, রজবআলী ও মিস্টার আলীসহ ২০/২৫ জন মিলে ফালা, রামদাসহ অন্যান্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সালামের উপর চড়াও হয়। এ সময় দুই পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ।
এতে সালামের বড় ভাই সোবাহান আলী ঘটনাস্থলেই নিহত হন। আহত হয় আরো তিনজন।
পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ব্যাপারে শেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে এসআই আমিনুর রহমান জানান।
