সংঘর্ষের পর সোনাগাজীতে যুবদলের হরতাল
ফেনীর সোনাগাজীতে পুলিশের সঙ্গে ছাত্রদল ও যুবদলকর্মীদের সংঘর্ষের পর রোববার ওই উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে যুবদল।
শনিবার বিকালে উপজেলার মোহাম্মদ ছাবের পাইলট স্কুল মাঠে উপজেলা ছাত্রদলের একটি ছাত্র গণজমায়েতে যোগ দেয়ার সময় কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।
পরে ছাত্রলীগ, যুবলীগ ও যুবদলের নেতাকর্মীরা ওই সংঘর্ষে যোগ দিলে আট পুলিশ সদস্যসহ অন্তত ৩৫ জন আহত হয়।
জেলার পুলিশ সুপার পরিতোষ ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রদল-যুবদলকর্মীদের একটি মিছিল থেকে হাতবোমার বিস্ফোরণ ঘটলে সংঘর্ষের সূত্রপাত হয়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েকরাউন্ড কাঁদানে গ্যাস ও প্রায় দুইশ’ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। এসময় ছাত্রদল কর্মীরাও অন্তত ১৫টি হাতবোমার বিস্ফোরণ ঘটায় ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে।
সংঘর্ষে আহত সোনাগাজী মডেল থানার ওসি সুভাষ চন্দ্র পাল, পরিদর্শক আরজুন, এসআই মো. মামুন, কনষ্টবল সামছুল হক, মো. হারুন, মো. রফিক, মো. মফিজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
যুবদলকর্মী কামাল জানান, বিকেল চারটায় উপজেলা সদরের জিরো পয়েন্টে ছাত্রদল ও যুবদলের একটি মিছিল থেকে হাতবোমা ছোড়া হয়েছে অভিযোগ তুলে পুলিশ লাঠিচার্জ শুরু করে। পাশেই আওয়ামী লীগের কার্যালয় থাকায় সেখান থেকে ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা তাদের (ছাত্রদল) কর্মীদের ওপর হামলা চালায়।
ত্রিমুখী সংঘর্ষে আহতদের মধ্যে ছাত্র ও যুবদলকর্মী কামাল, জামশেদ, রাসেল, সুমন, মামুন, আনোয়ার, নজরুল, ইসমাইল, বেলাল, ইমাম উদ্দিন, মোশারফ, দুলাল, মিস্টার, খুরশিদ এবং ছাত্রলীগ-যুবলীগের রিপন ও বাদলের নাম জানা গেছে।
গুলিবিদ্ধ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খুরশিদ আলম ভূঞাকে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে উপজেলা যুবদলের পক্ষ থেকে রোববার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়।
