মানিকগঞ্জে স্বামীর গলাকাটা ও স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
মানিকগঞ্জ সদরে স্বামীর গলাকাটা এবং স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বেলা ১১টার দিকে পুটাইল ইউনিয়নের ধল্লা গ্রামে স্থানীয় আব্দুল মাজেদের ছেলে ধলা মিয়া (৪২) ও তার স্ত্রী হেনা আক্তারের (৩৫) লাশ পাওয়া যায়।
মানিকগঞ্জ সদর থানার উপ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, শুক্রবার রাতে ধলা মিয়া দ্বিতীয় স্ত্রী হেনার ঘরে ঘুমাতে যান। সকালে বাড়ির অন্যান্য সদস্য ডাকাডাকি করলে তাদের কোনো সাড়া না পেয়ে ঘরে জানালার ফাঁক দিয়ে তাদের লাশ দেখতে পায়।
ঘরের দরজা ভেতর থেকে আটকানো ছিল। পরে বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে এবং পুলিশকে খবর দেয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এসআই শফিকুল আরো বলেন, “ধারালো অস্ত্র দিয়ে ধলা মিয়ার গলা অর্ধেক কাটা ছিল। এছাড়া মাথা ও মুখে মারাত্মক ক্ষতের চিহ্ন রয়েছে। হেনার পেটে আঘাতের চিহ্ন এবং দুইজনের পরনের পোশাকে রক্তের দাগ রয়েছে।”
“এই দম্পতির মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না। তবে দাম্পত্য কলহের কারণে স্বামীকে হত্যার পর স্ত্রী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।”
এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
